Sylhet Today 24 PRINT

পাবলিক বিশ্ববিদ্যালয়ে সমন্বিত ভর্তি পরীক্ষার উদ্যোগ নিতে শিক্ষা মন্ত্রণালয়কে চিঠি

সিলেটটুডে ডেস্ক |  ১৭ নভেম্বর, ২০১৬

পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে সমন্বিত ভর্তি পরীক্ষার উদ্যোগ নিতে শিক্ষা মন্ত্রনালয়কে  চিঠি দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। এ চিঠিতে আগামী বছর থেকেই ভর্তি পরীক্ষার উদ্যোগ নিতে বলা হয়েছে। রাষ্ট্রপতির নির্দেশে মঙ্গলবার শিক্ষামন্ত্রনালয়কে এ চিঠি প্রদান করা হয় বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান আব্দুল মান্নান।

রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মো. আবদুল হামিদ নিজেই এই উদ্যোগটি নিয়েছেন বলে জানিয়েছেন তিনি।

দীর্ঘদিন থেকে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে সমন্বিত ভর্তি পরীক্ষার দাবি জানিয়ে আসছেন শিক্ষাবিদ ও শিক্ষার্থীরা। এতে শিক্ষামন্ত্রনালয় আগ্রহ দেখালেও বড় বড় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আপত্তির কারণে সমন্বিত ভর্তি পরীক্ষা সম্ভব হচ্ছে না। এতে ভোগান্তিতে পড়তে গচ্ছে বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের। প্রতি বছর লাখ লাখ শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য ছুটে বেড়াতে হয় দেশের এপ্রান্ত থেকে ওপ্রান্তে।

শিক্ষার্থী ও অভিভাবকদের দুর্ভোগ ও বিশ্ববিদ্যালয়ের ভর্তি ফরম বাণিজ্যের বিষয়টি রাষ্ট্রপতি অনুধাবন করে গত ২ নভেম্বর ইউজিসি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে সমন্বিত ভর্তি পরীক্ষা নেওয়ার জন্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদেরকে আহ্বান করেন।

গত সোমবার (১৪ নভেম্বর) ইউসিজির চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল রাষ্ট্রপতির কাছে ইউজিসির বার্ষিক প্রতিবেদন-২০১৫ পেশ করেন। ওই প্রতিনিধি দল সূত্রে জানা গেছে, প্রতিনিধি দলের সঙ্গে আলাপচারিতায় উচ্চশিক্ষার মান নিশ্চিত করতে নানা বিষয়ে আলোচনার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে সমন্বিত ভর্তি পরীক্ষা নেওয়ার বিষয়ে অভিপ্রায় ব্যক্ত করেন রাষ্ট্রপতি।

এ বিষয়ে অধ্যাপক আব্দুল মান্নান বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে সমন্বিতভাবে ভর্তি পরীক্ষা নেওয়ার জন্য রাষ্ট্রপতি অভিপ্রায় ব্যক্ত করেছেন। তার অভিপ্রায় মানেই নির্দেশ। তিনি খুব তাড়াতাড়ি পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের সঙ্গে পৃথক দিনে এ বিষয় নিয়ে আলোচনায় বসবেন।’

সূত্র : বাংলা ট্রিবিউন

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.