Sylhet Today 24 PRINT

রাবিতে ১০ম সমাবর্তনে নিবন্ধনের সময় বেড়েছে

রাবি প্রতিনিধি |  ০১ ডিসেম্বর, ২০১৬

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ১০ম সমাবর্তনে অংশগ্রহণের জন্য নিবন্ধনের সময়সীমা ১০ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।

বৃহস্পতিবার (১ ডিসেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক মশিহুর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, ‘রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ১০ম সমাবর্তনে অংশগ্রহণের জন্য নিবন্ধনের সময় ১০ ডিসেম্বর ২০১৬ পর্যন্ত বাড়ানো হয়েছে। সমাবর্তনের নির্দিষ্ট তারিখ পরে জানানো হবে। এ সমাবর্তনে ২০১১ থেকে ২০১৪ সাল পর্যন্ত সময়ে পিএইচডি, এমফিল, স্নাতকোত্তর এবং এমবিবিএস, বিডিএস ও ডিভিএম ডিগ্রি অর্জনকারীগণ এই সমাবর্তনে অংশগ্রহণ করতে পারবেন। সমাবর্তন সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.ru.ac.bd) জানা যাবে।’

সময় সীমার বাড়ানোর কারণ জানতে চাইলে বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজান উদ্দিন বলেন, ‘আগামী ২৪ ডিসেম্বর সমাবর্তন হওয়ার প্রাথমিক তারিখ নির্ধারণ করা হলেও এখনো আমাদের কাছে শিক্ষা মন্ত্রণালয় থেকে কোনো চিঠি আসেনি। তাই এ তারিখে সমাবর্তন করা সম্ভব হচ্ছেনা। সব দিক বিবেচনা করে সমাবর্তনের নিবন্ধন করার সময়সূচী বাড়ানো হয়েছে।’

তবে নিবন্ধন ফি অপরিবর্তিত আছে জানিয়ে উপাচার্য বলেন, ‘এই সমাবর্তন তো আর আমাদের ব্যবসা না। শিক্ষার্থীদের কাছ থেকে যা টাকা নেওয়া হবে, সম্পূর্ণই তাদের জন্য ব্যয় করা হবে।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.