Sylhet Today 24 PRINT

চাকরির বয়সসীমা বৃদ্ধির দাবিতে রাবিতে মানববন্ধন

রাবি প্রতিনিধি |  ০৩ ডিসেম্বর, ২০১৬

চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবিতে মানববন্ধন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় সাধারণ ছাত্র ঐক্য পরিষদ।

শনিবার (৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১১ টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে তারা এ মানববন্ধন কর্মসূচীর আয়োজন করে।

মানববন্ধনে বক্তারা বলেন, আজ আমাদের অল্প বয়সে বৃদ্ধ হতে হচ্ছে, আমরা আমাদের যোগ্যতা প্রমাণ করতে পারছি না। চাকরীর বয়সসীমা ৩০ আমাদেরকে মারাত্মকভাবে বেকারগ্রস্থ করছে। বর্তমান সরকার ক্ষমতায় আসার আগে নির্বাচনী ইশতেহারে বয়সসীমা বাড়ানোর প্রতিশ্রুতি দিলেও ক্ষমতায় আসার পর বিষয়টি এড়িয়ে যাচ্ছে।

বক্তারা পৃথিবীর অন্যান্য দেশের চাকরীতে প্রবেশের বয়সসীমার সাথে বাংলাদেশে চাকরীতে প্রবেশের বয়সসীমার তুলনা করে বলেন, ভারতে ৪০, শ্রীলঙ্কায় ৪৫,ইতালিতে ৪৫, যুক্তরাষ্ট্র ও কানাডাতে ৫৯ বছর থাকলেও বাংলাদেশে মাত্র ৩০। ফলে আমাদেরকে অল্প বয়সে বেকার থাকতে হচ্ছে। মেধা ও যোগ্যতা প্রমাণ করার সুযোগ থেকে আমরা বঞ্চিত হচ্ছি। চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩০ থেকে ৩৫ করার দাবি জানিয়ে বলেন এটি আমাদের সময়ের দাবি, এটি আমাদের প্রাণের দাবি।

এছাড়া প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে তারা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী আপনি আমাদের থেকে অনেক বেশি জানেন, আমাদের দাবিগুলোকে আপনি অবশ্যই সুনজরে দেখবেন।

এ সময় মানববন্ধনে উপস্থিত ছিলেন সাধারণ ছাত্র ঐক্য পরিষদের রাজশাহী বিভাগীয় সভাপতি শাহজামান রতন, জাতীয় বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ ছাত্র ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সঞ্জয়কুমার দাস, প্রচার সম্পাদক রেদওয়ানুল হক তুষার, ছাত্রনেতা আব্দুর রউফ ও মানিরা আক্তার উষা।

উল্লেখ্য, শনিবার (৩ ডিসেম্বর) একই সময়ে খুলনাতেও সাধারণ ছাত্র ঐক্য পরিষদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.