Sylhet Today 24 PRINT

নানা কর্মসূচির মধ্য দিয়ে এম.সি কলেজে বিজয় দিবস পালিত

সিলেটটুডে ডেস্ক |  ১৭ ডিসেম্বর, ২০১৬

সিলেটের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ এম.সি কলেজে নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালিত হয়েছে। বিজয়ের প্রথম সূর্যোদয়ে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি ক্যাম্পাস আন্দোলিত করে।

সকল বিভাগের বিভাগীয় প্রধানসহ শিক্ষক শিক্ষার্থীরা নিজ নিজ বিভাগের র‌্যালি নিয়ে আনন্দ র‌্যালিতে অংশগ্রহণ করেন। তারপর শহীদদের প্রতি সম্মান জানিয়ে শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও এক মিনিট নীরবতা পালন করেন। অধ্যক্ষ ও উপাধ্যক্ষের নেতৃত্বে শহীদ বেদীতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন বিভিন্ন বিভাগ ও সামাজিক, সাংস্কৃতিক সংগঠনগুলো।

দ্বিতীয় পর্বে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা। জাতীয় সঙ্গীতের মাধ্যমে শুরু হয় দ্বিতীয় পর্বের কার্যক্রম। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ছিল দুটি বিভাগ। ক বিভাগে ছিল শিশু শ্রেণী থেকে দ্বিতীয় শ্রেণী এবং খ বিভাগে তৃতীয় থেকে ৫ম শ্রেণী পর্যন্ত। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে প্রায় ৫০ জনের মত শিক্ষার্থী। তাদের সবাইকে উপহার হিসেবে বই দিয়ে উৎসাহিত করা হয়।

তারপর অধ্যক্ষ ও উপাধ্যক্ষের নেতৃত্বে শিক্ষকদের মধ্যে ভলিবল খেলা হয়। প্রথমে খেলায় অংশ নেন কর্মকর্তার দুটি দল। ভলিবলের দুটি খেলাকেই ড্র হিসেবে বিবেচনা করা হয় বিজয় দিবস উপলক্ষে। শিক্ষিকাদের মধ্যে বালিশ বদল খেলাও অনুষ্ঠিত হয়। বিজয় দিবসের আলোচনা অনুষ্ঠান জানুয়ারির প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হবে। বিজয় দিবসে শুধু সাংস্কৃতিক ও খেলাধুলাই ছিল এবারের বিজয় দিবস পালনে মুরারিচাঁদ কলেজ কর্তৃপক্ষের সিদ্ধান্ত।

সংক্ষিপ্ত আলোচনায় স্বাগত বক্তব্য দেন প্রধান অতিথি অধ্যক্ষ প্রফেসর নিতাই চন্দ্র চন্দ, উপাধ্যক্ষ প্রফেসর মুহা. হায়াতুল ইসলাম আকঞ্জি। অনুষ্ঠানের প্রথমেই সবাইকে স্বাগত জানান অনুষ্ঠানের সভাপতি শিক্ষক পরিষদের সম্পাদক মো. তোতিউর রহমান।

সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেয় মোহনা সাংস্কৃতিক সংগঠন, কবিতা পরিষদ ও থিয়েটার মুরারিচাঁদ। আন্ত:বিশ্ববিদ্যালয় ক্রিকেট টুর্নামেন্টে শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে ফাইনালে ৪৭ রানে পরাজিত করে মুরারিচাঁদ কলেজ চ্যাম্পিয়ন হয়। এই আনন্দে কৃতি শিক্ষার্থীদের পরিচয় ও সবশেষে বিভিন্ন ইভেন্টের বিজয়ীদের পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.