Sylhet Today 24 PRINT

বিশ্ববিদ্যালয়ের ভেতর থেকেই উপাচার্য নিয়োগের 'দাবি' জাফর ইকবালের

নিজস্ব প্রতিবেদক |  ২০ এপ্রিল, ২০১৫

শাহজালাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্য থেকেই উপাচার্য নিয়োগের ‌'দাবি' জানিয়েছেন এই বিশ্ববিবিদ্যালয়ের শিক্ষক মুহম্মদ জাফর ইকবাল। বাইরের কেউ উপাচার্য হয়ে এলে বিভিন্ন সঙ্কট দেখা দেয় বলে মন্তব্য করেছেন তিনি। সেমবার দুপুরে পদত্যাগপত্র জমাদানের পর এক প্রতিক্রিয়ায় এমন মন্তব্য করেন জাফর ইকবাল।

সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্টারের কাছে পদত্যাগপত্র জমা দেন বিভিন্ন প্রশাসনিক দায়িত্বে থাকা জাফর ইকবালসহ ৩৫ জন শিক্ষক। উপাচার্য আমিনুল হক ভূইয়ার বিরুদ্ধে শিক্ষকদের সাথে অশোভন আচরণের অভিযোগ এনে পদত্যাগপত্র জমা দেন তারা।

পদত্যাগপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের কাছে জনপ্রিয় এই লেখক বলেন, শাহজালাল বিশ্ববিদ্যালয় অনেক আধুনিক একটি বিশ্ববিদ্যালয়। অনেকক্ষেত্রেই বিশ্বিবদ্যালয়টি ভালো করছে। বিভিন্ন ক্ষেত্রে দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে এই বিশ্ববিদ্যালয়টি এগিয়েও রয়েছে। এখানকার শিক্ষকরাই কিন্তু বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিয়ে যাচ্ছেন। এটা সরকারকে বুঝতে হবে।

বাইরে থেকে যে কোনো একজনকে ধরে বসিয়ে দিলেই যে তিনি এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের চেয়ে অনেক বেশী জ্ঞানী, মেধাবী আর প্রশাসনিকভাবে দক্ষ হয়ে যাবেন এমনটি ভাবার কারন নেই। এই বিশ্ববিদ্যালয়েই অনেক মেধাবী ও দক্ষ শিক্ষক রয়েছেন। তাদেরকে তাদের বিশ্ববিদ্যালয় নিজেদের মতো করে চালানোর সুযোগ দেওয়া প্রয়োজন। বাইরে থেকে কেউ আনলে উল্টো সঙ্কট সৃষ্টি হবে।

সরকারের দায়িত্বে যারা আছেন আমি শুধু তাদের এই কথাটুকু বলতে চাই। তারা এই বিষয়গুলো যত দ্রুত অনুধাবন করতে পারবেন ততই মঙ্গল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.