নিজস্ব প্রতিবেদক | ২১ ডিসেম্বর, ২০১৬
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আমিনুল হক ভূইয়ার অফিস কক্ষের বিদ্যুৎ ও ডিশ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে আন্দোলনকারী শিক্ষার্থীরা। বুধবার বিকেল ৪টার দিকে তারা সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। এরআগে বেলা দেড়টা থেকে উপাচার্য কার্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে অবস্থান নেয় বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা।
উপাচার্য বিশ্ববিদ্যালয় চালুর ঘোষণা প্রদানের পূর্ব পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীদের মুখপাত্র সারওয়ার তুষার।
ক্যাম্পাস সূত্রে জানা যায়, বিকেল ৪ টার দিকে উপাচার্য কার্যালয়ের বিদ্যুৎ ও ডিশ সংযোগ বিচ্ছিন্ন করে দেয় শিক্ষার্থীরা। এসময় তারা উপাচার্য বিরোধী ও বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার দাবি জানিয়ে শ্লোগান দিতে থাকে।
তবে উপাচার্য অধ্যাপক ড. আমিনুল হক ভূইয়া নিজ কার্যালয়ে আছেন কি না তা নিশ্চিত হওয়া যায় নি।
ছাত্রলীগের সংঘাতের জের ধরে বুধবার সকালে শাহজালাল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। দুপুরে সিন্ডেকট সভা শেষে অধ্যাপক ড. কবির হোসেন জানান, ৬ জানুয়ারি পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ক্লাস পরীক্ষা ও তিন ছাত্র হল বন্ধ থাকবে।
এদিকে সকালে বিশ্ববিদ্যালয় বন্ধের ঘোষণা শোনার পরই এর প্রতিবাদে আন্দোলনে নামে শিক্ষার্থীরা। সকালেই সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করে বিক্ষোভ করে তারা। প্রায় এক ঘন্টা অবরোধের পর উপাচার্য কার্যালয়ের সামনে অবস্থান নেয় শিক্ষার্থীরা।
মঙ্গলবার সন্ধ্যার দিকে বিশ্ববিদ্যালয়ের শাহপরান হলে ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান খান অনুসারীদের ধাওয়া করে ছাত্রলীগের সহ-সভাপতি অঞ্জন রায়, আবু সাঈদ আখন্দ ও যুগ্ম সাধারণ সম্পাদক সাজেদুল ইসলাম গ্রুপ। এ সময় গুলি ছোঁড়া ও ককটেল বিস্ফোরণ ঘটায় ছাত্রলীগ। এনিয়ে উত্তেজনার মধ্য মধ্যরাতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে নিয়ে ছাত্র হলগুলোতে অভিযান চালায় পুলিশ। এসময় বেশকিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
এই অভিযানের পর শাবির তিন হল বন্ধ ঘোষণা করে সকাল ৮ টার মধ্যে ছাত্রদের হল ছাড়ার নির্দেশ দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরে নিজস্ব ক্ষমতা বলে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে উপাচার্য ড. আমিনুল হক ভূইয়া।
ছাত্রলীগের সংঘাতের ঘটনা তদন্তে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ও পুরকৌশল বিভাগের প্রধান অধ্যাপক ড. জহির বিন আলমকে প্রধান করে ৫ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।