Sylhet Today 24 PRINT

বৃহস্পতিবার জরুরী সিন্ডিকেট,ছুটিতে যাচ্ছেন শাবি উপাচার্য !

নিজস্ব প্রতিবেদক |  ২২ এপ্রিল, ২০১৫

উপাচার্যের  পদত্যাগের দাবিতে শিক্ষকদের আন্দোলনের মুখে বৃহস্পতিবার সকাল ১০টায় জরুরী সিন্ডিকেট সভা আহবান করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আমিনুল ইসলাম ভূঁইয়া। নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে এই সভা থেকেই ২ মাসের ছুটিতে যাচ্ছেন তিনি।

গত সোমবার  শিক্ষকদের সঙ্গে অসদাচরণের প্রতিবাদে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসির পদত্যাগ দাবিতে সোমবার বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিভিন্ন পদ থেকে ইন্সটিটিউট অব ইনফরমেশন টেকনোলজির ডিরেক্টর  লেখক ও অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল সহ ৩৫ শিক্ষক পদত্যাগ করেন।

তাঁদের পদত্যাগপত্র গ্রহণ না করে মঙ্গলবার ফরেষ্টি বিভাগের বিভাগীয় প্রধান নারায়ণ সাহাকে প্রধান করে ৫ সদস্যের সংলাপ কমিটি গঠন করে পরিস্থিতি সামাল দেয়ার চেষ্টা করেন উপাচার্য আমিনুল ইসলাম ভূঁইয়া।

কিন্তু সমঝোতা প্রস্তাব প্রত্যাখ্যান করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন মুক্তিযুদ্ধের চেতনায় উদ্ভূদ্ধ শিক্ষক পরিষদ। বুধবার ১১টায় তাঁরা মানববন্ধনও পালন করেন।এই অবস্থায় উপাচার্যের জরুরি সিন্ডিকেট সভার আহবান শিক্ষকদের আন্দোলনে নতুন মোড় নিল।

প্রশাসনিক পদ থেকে পদত্যাগ করার পর অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল বলেছিলেন, শাবিপ্রবি পরিচালনা করার জন্য বাইরে থেকে কাউকে দরকার নেই, শাবির শিক্ষকদের মধ্য থেকেই উপাচার্য  হবার মত মানুষ আছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.