Sylhet Today 24 PRINT

রাবিতে বায়োইনফরমেটিকস অ্যান্ড বায়োস্ট্যাটিসটিকস বিষয়ক সম্মেলন ২০ জানুয়ারি

রাবি প্রতিনিধি |  ০২ জানুয়ারী, ২০১৭

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) চার দিনব্যাপী বায়োইনফরমেটিকস অ্যান্ড বায়োস্ট্যাটিসটিকস্ ফর এগ্রিকালচার, হেলথ এ্যান্ড ইনভায়রনমেন্ট বিষয়ক আন্তজার্তিক সম্মেলন শুরু হবে আগামী ২০ জানুয়ারি।

সোমবার(২ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় পরিসংখ্যান বিভাগের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে এ সম্মেলনের আহ্বায়ক অধ্যাপক ড. এম ছায়েদুর রহমান লিখিত বক্তব্যে জানান, সম্মেলনের উদ্বোধনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। বিশেষ অতিথি হিসেবে থাকবেন ইউজিসির সদস্য অধ্যাপক মো. ইউসুফ আলী মোল্লা, বাংলাদেশ সেন্টার ফর এ্যাডভান্স স্টাডিজের নির্বাহী সদস্য ড. মো. মখলেসুর রহমান ও বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান। সম্মেলনে সভাপতিত্ব করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজান উদ্দিন।

আরো জানানো হয়, ২০ থেকে ২৩ জানুয়ারি অনুষ্ঠিত এ সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কেইথ এ ক্যানড্রিল ও জাপানের ইন্সটিটিউট অব স্ট্যাটিসটিক্যাল ম্যাথমেটিকস এর অধ্যাপক সান্ত শিয়াগো। এছাড়া বাংলাদেশ সহ জাপান, চায়না ও ভারতের নয় জন গবেষক বিশেষ বক্তা হিসেবে উপস্থিত থাকবেন। পাশাপাশি দেশ-বিদেশের অর্ধশতাধিক গবেষক ২৩৮টি পেপার উপস্থাপন করবেন।

সম্মেলন সর্ম্পকে বিভাগের সভাপতি ড. মো. আইয়ুব আলী বলেন, বায়োইনফরমেটিকস অ্যান্ড বায়োস্ট্যাটিসটিক ব্যবহারের মধ্য দিয়ে দেশের কৃষি, স্বাস্থ্য ও পরিবেশের জন্য সরকারের পক্ষে সাসটেইনেবল ডেভোলপমেন্ট গোলস্ অর্জনে সহায়ক ভূমিকা পালন করবে।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিভাগের অধ্যাপক ড. সুশান্ত কুমার ভট্টাচার্য, অধ্যাপক ড. মো. নুরুল হক মোল্লা, অধ্যাপক ড. মো. পাপিয়া সুলতানা ও সহযোগী অধ্যাপক মো. মনিমুল হক সহ অর্ধশতাধিক শিক্ষার্থী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.