Sylhet Today 24 PRINT

শাবিতে প্রযুক্তি বিষয়ক আন্তর্জাতিক গবেষণা সম্মেলন শুরু শুক্রবার

শাবিপ্রবি প্রতিনিধি |  ১১ জানুয়ারী, ২০১৭

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ফলিত বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের উদ্যোগে তিন দিনব্যাপী প্রযুক্তি গবেষণা বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন শুরু হচ্ছে ১৩ জানুয়ারি শুক্রবার থেকে। শেষ হবে আগামী ১৫ জানুয়ারি রবিবার।

বুধবার বিকাল ৪টায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ইনস্টিটিউটের (আইআইসিটি) সম্মেলন কক্ষে আয়োজিত এক মতবিনিময়ে এ তথ্য জানান সম্মেলনের আহবায়ক ড. শহীদুর রহমান ও সদস্য সচিব ড. আব্দুল মুকিদ মো. মুকাদ্দেস।

আয়োজকরা জানান, এ সম্মেলনে ৪টি কিনোট উপস্থাপন করবেন জাপানের চিবা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. কাজুকি ইনোবুষি, সায়তানার অধ্যাপক তেছুয়া শিমুমারা, সিংগাপুর জাতীয় বিশ্ববিদ্যালয়ের ড. মোস্তাফিজুর রহমান এবং বুয়েটের অধ্যাপক ইকবাল মাহমুদ।

সম্মেলনে ৪টি ইনভাইটেট, ১৪০টি গবেষণা প্রবন্ধ, ২৫টি পোস্টার উপস্থাপন করা হবে। এ আয়োজনে কানাডা, অস্ট্রেলিয়া, জাপান, কোরিয়া, জার্মানি, সিঙ্গাপুর, সৌদি আরব, মালয়েশিয়া ও ভারতের বিভিন্ন বিশ্ববিদ্যালয় গবেষকরা অংশগ্রহণ করবেন।

এছাড়াও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, চট্টগ্রম প্রকৌশল বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ দেশের ২৪টির মতো বিশ্ববিদ্যালয়ের গবেষকরা অংশগ্রহণ করবেন।

শুক্রবার সকাল ৯টায় কেন্দ্রীয় মিলনায়তনে সম্মেলনের উদ্বোধন করবেন উপাচার্য অধ্যাপক ড. আমিনুল হক ভূইয়া। এসময় কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইলিয়াস উদ্দিন বিশ্বাসসহ অন্যান্য শিক্ষকরা উপস্থিত থাকবেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.