Sylhet Today 24 PRINT

দায়িত্ব নিয়েই সমঝোতার উদ্যোগ শাবি'র নতুন উপাচার্যের, অনড় আন্দোলনকারী শিক্ষকরা

নিজস্ব প্রতিবেদক |  ২৪ এপ্রিল, ২০১৫

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক দায়িত্ব থেকে পদত্যাগী শিক্ষকদের পদত্যাগপত্র প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন নবনিযুক্ত উপাচার্য ইলিয়াস উদ্দিন বিশ্বাস। শিক্ষকদের আন্দোলনের মুখে উপাচার্য প্রফেসর আমিনুল হক ভূঁইয়া ছুটিতে যাবার পর  আজ শুক্রবার সকালে আনুষ্ঠানিকভাবে উপাচার্যের দায়িত্ব গ্রহণ করেন তিনি।

দ্বায়িত্ব গ্রহনের প্রথমদিনই আন্দোলনরত শিক্ষকদের সাথে বৈঠক করেন উপাচার্য  ইলিয়াস উদ্দিন বিশ্বাস । এসময় তিনি আন্দোলনকারী শিক্ষকদের পদত্যাগপত্র প্রত্যাহারের আহ্বান জানালে আন্দোলন সাময়িকভাবে স্থগিত রাখার ঘোষনা দেন তারা। তবে উপাচার্য প্রফেসর আমিনুল হক ভূঁইয়া পদত্যাগ না করা পর্যন্ত অন্দোলনরত শিক্ষকরা তাদের পদত্যাগপত্র প্রত্যাহার করবেন না বলে জানান।
 
নতুন দায়িত্ব প্রসঙ্গে ইলিয়াস উদ্দিন বিশ্বাস বলেন, সবাইকে সাথে নিয়েই আমি আমার উপর অর্পিত দায়িত্ব পালন করতে চাই। সে লক্ষ্যে আন্দোলনকারী শিক্ষকদের সাথে বসেছিলাম। তারা আন্দোলন স্থগিতের আশ্বাস দিয়েছেন।

এর আগে বৃহস্পতিবার সকালে জরুরী সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী ১ মে থেকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আমিনুল হক ভূঁইয়া ছুটিতে যাবার কথা থাকলেও শিক্ষকদের অন্দোলনের মুখে শুক্রবার থেকে দু’মাসের ছুটিতে যাওয়ার সিদ্ধান্ত নেন উপাচার্য।

গত সোমবার  শিক্ষকদের সঙ্গে অসদাচরণের অভিযোগ এনে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসির পদত্যাগ দাবিতে  বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিভিন্ন পদ থেকে ইন্সটিটিউট অব ইনফরমেশন টেকনোলজির ডিরেক্টর  লেখক ও অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালসহ ৩৫ শিক্ষক পদত্যাগ করেন।

তাঁদের পদত্যাগপত্র গ্রহণ না করে মঙ্গলবার ফরেষ্টি বিভাগের বিভাগীয় প্রধান নারায়ণ সাহাকে প্রধান করে ৫ সদস্যের সংলাপ কমিটি গঠন করে পরিস্থিতি সামাল দেয়ার চেষ্টা করেন উপাচার্য।

কিন্তু সমঝোতা প্রস্তাব প্রত্যাখ্যান করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষক পরিষদ। বুধবার সকালে তাঁরা মানববন্ধন কর্মসুচী পালন করেন। এ অবস্থায় বৃহস্পতিবার জরুরী সিণ্ডিকেট সভা আহবান করা হয়। ওই সভার সিদ্ধান্ত অনুযায়ী শুক্রবার থেকে দু’মাসের ছুটিতে যাবার সিদ্ধান্ত নেন উপাচার্য আমিনুল হক ভূঁইয়া।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.