Sylhet Today 24 PRINT

সিলেটে বিতর্কে চ্যাম্পিয়ন অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয়

ডেস্ক রিপোর্ট |  ২৪ এপ্রিল, ২০১৫

নতুন প্রজন্মকে বিজ্ঞানে আরো উৎসাহিত করে তুলতে ‘তর্কে বিতর্কে বিজ্ঞানের সাথে’ স্লোগানে সিলেটে অনুষ্ঠিত হলো বিএফএফ-সমকাল জাতীয় স্কুল বিজ্ঞান বিতর্ক প্রতিযোগিতা-২০১৫ এর সিলেট জেলা পর্ব। বিজ্ঞান ও প্রযুক্তি নিয়ে যুক্তি-তর্কের তুমুল প্রতিদ্বন্দ্বিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে সিলেট সরকারী অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ। চ্যাম্পিয়ন দলের বিতার্কিকরা ছিলেন আতকিয়া আতিয়া, য়ুম্মাম থামোয় সেতু ও জান্নাতুল নাঈম মায়িশা।

শুক্রবার অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ অডিটোরিয়ামে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিতর্ক প্রতিযোগিতা শেষে এই শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক বাবলী পুরকায়স্থসহ অন্যান্য অতিথিরা পুরস্কার বিতরণ করেন। আগামী ২২ মে একই ভেন্যুতে সিলেট জেলা ও আরো ৫ জেলার চ্যাম্পিয়ন স্কুলকে নিয়ে প্রতিযোগিতার সিলেট আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত হবে। অঞ্চল পর্বের বিজয়ী দল ঢাকায় জাতীয় প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বিতা করবে। 

ফাইনালে মাত্র ৩ পয়েন্টের ব্যবধানে পরাজিত হয়ে রানার্স আপ হয় স্কলার্সহোম স্কুল, পাঠানটুলা শাখা। ফাইনালের সেরা বিতার্কিক হয়েছেন বিজিত দলের দলনেতা ফারজানা রিফাত রাহা। এই দলের অপর দুই বিতার্কিক হলেন ফাতেমা আহমেদ আতিকা সালসাবিল। অগ্রগামী বালিকা ফাইনালে উঠার পথে ৪ পয়েন্টের ব্যবধানে বর্ডার গার্ড পাবলিক স্কুল এন্ড কলেজকে এবং স্কলার্সহোম স্কুল ৪ দশমিক ৫ পয়েন্টের ব্যবধানে সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে ফাইনালে উঠে। 

প্রতিযোগিতায় আরো অংশ নেয় সিলেট মডেল স্কুল এন্ড কলেজ, কিশোরী মোহন বালিকা উচ্চ বিদ্যালয়, বাংলাদেশ ব্যাংক স্কুল ও আনন্দ নিকেতন। প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের কেন্দ্রীয় সভাপতিমন্ডলীর সদস্য মোকাদ্দেস বাবুল, শাহজালাল বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সাবেক সহ-সভাপতি ইশতিয়াক হোসেন মুনশি ও একই সংগঠনের সাবেক সভাপতি তাসলিমা আক্তার। মডারেটরের দায়িত্ব পালন করেন সমকালের সিলেট ব্যুরো প্রধান চয়ন চৌধুরী।

সমকালের সিলেট ব্যুরো স্টাফ রিপোর্টার ফয়সল আহমদ বাবলু’র পরিচালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তৃতা করেন সরকারী অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী প্রধান শিক্ষক মো. কবির খান ও স্কলার্সহোমের পাঠানটুলা শাখার উপাধ্যক্ষ মো. আবদুল আজিজ। শুভেচ্ছা বক্তব্য রাখেন সমকালের স্টাফ রিপোর্টার মুকিত রহমানী ও স্বাগত বক্তৃতা করেন সমকাল সুহৃদ সমাবেশ সিলেটের আহবায়ক রাজকুমার দাস।

প্রতিযোগিতায় ফলাফল সমন্বয়সহ সার্বিক সহযোগিতায় ছিলেন সমকালের ফটো সাংবাদিক ইউসুফ আলী, শাবি প্রতিনিধি তন্ময় মোদক, সিলেট সুহৃদ সমাবেশের যুগ্ম আহবায়ক ইমরান আহমদ, সদস্য সচিব সুব্রত বসু, সুহৃদ রাতুল পুরকায়স্থ, সুজিত দাস, আবদুল আলিম, মালেক সৈকত ও রাকিব আহমদ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.