Sylhet Today 24 PRINT

মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে ‘সায়েন্স অলিম্পিয়াড ২০১৭’ অনুষ্ঠিত

সিলেটটুডে ডেস্ক |  ১৪ জানুয়ারী, ২০১৭

বাংলাদেশ বিজ্ঞান একাডেমীর উদ্যোগে এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লি. এর পৃষ্ঠপোষকতায় বাংলাদেশের প্রাক-বিশ্ববিদ্যালয় পর্যায়ের ছাত্র-ছাত্রীদের অংশ গ্রহণে ‘বিজ্ঞান অলিম্পিয়াড ২০১৭’-এর বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সিলেটের মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে এই অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়।

মেট্রোপলিটন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. সালেহ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় প্রাণবন্ত ‘সায়েন্স টক’ পর্ব। এই পর্বে শিক্ষার্থীদের বিজ্ঞান বিষয়ক বিভিন্ন প্রশ্নের জবাব দেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য এবং বাংলাদেশ বিজ্ঞান একাডেমীর ফ্যালো ও সচিব অধ্যাপক ড. মেছবাহ উদ্দিন, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের গুণগত মান বিশেষজ্ঞ ড. সঞ্জয় অধিকারী, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের এফএভিপি জনাব এ. কে. এম হাসানুজ্জামান, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. ইউনুছ, অধ্যাপক ড. আনোয়ারুল ইসলাম এবং জনাব আব্দুল আউয়াল বিশ্বাস, মেট্রোপলিটন ইউনিভার্সিটির বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. নজরুল হক চৌধুরী এবং সিএসই বিভাগের প্রধান চৌধুরী মো. মোকাম্মেল ওয়াহিদ।

সিলেট বিভাগের বিভিন্ন স্কুল ও কলেজের মোট ২০৬ জন শিক্ষার্থী আজকের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। দেশে বিজ্ঞান শিক্ষার উন্নয়ন ও তরুণ শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক ও বিজ্ঞানচর্চায় উদ্বুদ্ধ করাই ‘বিজ্ঞান অলিম্পিয়াড ২০১৭’-আয়োজনের মূল লক্ষ্য।

২০০২ সাল থেকে নিয়মিতভাবে অনুষ্ঠিত এই অলিম্পিয়াড বিভাগীয় ও জাতীয় পর্বে আয়োজন করা হচ্ছে। বিভাগীয় পর্যায়ে নির্বাচিত ছাত্র-ছাত্রীরা জাতীয় পর্যায়ে অংশ নেয়। জাতীয় পর্যায়ে কৃতিত্ব প্রদর্শনকারীদের নিয়ে গঠিত হবে আন্তর্জাতিক পর্যায়ে যোগদানের লক্ষ্যে গঠিত বাংলাদেশের জাতীয় দল।

অলিম্পিয়াডে অংশগ্রহণকারীদের মধ্য থেকে এসএসসি এবং এইচএসসি গ্রুপ থেকে ৫ জন করে বিজয়ী মোট ১০ জনকে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতার জন্য নির্বাচন করা হয় এবং সেরা ২৫ জনকে সনদপত্র ও পুরস্কার প্রদান করা হয় । অলিম্পিয়াডে অংশগ্রহণকারী তরুণ শিক্ষার্থীদের বিজ্ঞানের উপর আগ্রহ ও অনুপ্রেরণা প্রদানের জন্য মেট্রোপলিটন ইউনিভার্সিটির ছাত্র-ছাত্রীদের উদ্ভাবিত বিভিন্ন আকর্ষণীয় প্রজেক্ট প্রদর্শনীর আয়োজন করা হয়।

অনুষ্ঠান সঞ্চালনা করেন ইইই বিভাগের সিনিয়র প্রভাষক নওশাদ আহমদ চৌধুরী এবং ‘সায়েন্স অলিম্পিয়াড ২০১৭’-এর সমন্বয়ক হিসেবে সার্বিক দায়িত্ব পালন করেন সিএসই বিভাগের সহকারী অধ্যাপক ফুয়াদ আহমদ এবং সহকারী রেজিস্টার ও জনসংযোগ কর্মকর্তা লোকমান আহমদ চৌধুরী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.