সিলেটটুডে ডেস্ক | ১৫ জানুয়ারী, ২০১৭
সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস প্রতিষ্ঠার জন্য নির্ধারিত প্রায় ৮ একর জায়গা পরিদর্শন করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
রোববার (১৫ জানুয়ারি) দুপুরে সিলেট সদর উপজেলার পীরের বাজারস্থ এই জায়গা পরিদর্শন করেন তিনি।
এ সময় শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার জন্য মুক্ত পরিবেশ প্রয়োজন। মুক্ত পরিবেশে মুক্ত চিন্তার মাধ্যমে শিক্ষার্থীদের ঘুমন্ত প্রতিভা জাগ্রত হবে। দেশের বিপুল জনগোষ্ঠীকে জনসম্পদে পরিণত করতে সরকার শিক্ষাকে গুরুত্ব দিচ্ছে। আধুনিক বাংলাদেশের নির্মাতা হচ্ছে নতুন প্রজন্ম। বিশ্বমানের মানসম্মত শিক্ষায় নতুন প্রজন্মকে শিক্ষিত হতে হবে।
এ সময় মেট্রোপলিটন ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. তৌফিক রহমান চৌধুরী ও উপাচার্য অধ্যাপক ড. মো. সালেহ উদ্দিন শিক্ষামন্ত্রীকে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের জায়গা ঘুরিয়ে দেখান।
এ সময় মেট্রোপলিটন ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. তৌফিক রহমান চৌধুরী জানান, শীঘ্রই বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে এবং দ্রুত ভবন নির্মাণের কাজ শুরু হবে। মেট্রোপলিটন ইউনিভার্সিটির নির্ধারিত স্থায়ী ক্যাম্পাসে আধুনিক শ্রেণীকক্ষে প্রায় ১০ হাজার শিক্ষার্থীরা ক্লাস করতে পারবেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক শিব প্রসাদ সেন, বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. নজরুল হক চৌধুরী, ব্যবসা ও অর্থনীতি অনুষদের ডিন অধ্যাপক ড. তাহের বিল্লাল খলিফা, সামাজিক ও মানবিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সুরেশ রঞ্জন বসাক, আইন অনুষদের ডিন অধ্যাপক ড. এম. রবিউল হোসেন, রেজিস্ট্রার মোহাম্মদ ফজলুর রব তানভির, পরিচালক (প্রশাসন) তারেক ইসলাম, সহকারী প্রক্টর অ্যাডভোকেট আব্বাস উদ্দিন প্রমুখ।