Sylhet Today 24 PRINT

আন্তর্জাতিক ফিজিক্স প্রতিযোগিতায় রৌপ্য পেলেন শাবির তিন শিক্ষার্থী

শাবিপ্রবি প্রতিনিধি |  ১৫ জানুয়ারী, ২০১৭

আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় ফিজিক্স প্রতিযোগিতায় রৌপ্য পদক পেয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থী।

রোববার (১৫ জানুয়ারি) আয়োজকদের ওয়েবসাইটে প্রকাশিত ফলাফলে এই তথ্য জানা যায়।

রৌপ্য পদক প্রাপ্তরা হলেন, পদার্থবিজ্ঞান বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী শাকির আহমেদ, সৈয়দ নাভিদ রেজা ও গোলাম মো. কিবরিয়া। বিজয়ী টিমের ম্যানেজার শাবির পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক এনক সমাদ্দার বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, ১১ নভেম্বর অনলাইনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। রোববার (১৫ জানুয়ারি) সকালে আয়োজকদের ওয়েবসাইটে (http://www.uphysicsc.com) প্রতিযোগিতার ফলাফল প্রকাশ করা হয়।

রৌপ্য জয়ী টিমের সদস্য শাকির আহমেদ জানান, আমরা মহাশুন্যে কিভাবে নিউক্লিয়ার বর্জ্য নিষ্কাশন করা যায় তা নিয়ে কাজ করি।

যুক্তরাষ্ট্র ও কানাডার কয়েকটি বিশ্ববিদ্যালয় মিলে প্রতি বছর অনলাইনে এ প্রতিযোগিতার আয়োজন করে।

এছাড়া প্রতিযোগিতায় ব্রোঞ্জ পদক লাভ করে শাবির আরো তিন শিক্ষার্থী। এরা হলেন সৌরভ দাস শুভ, মো. শেফায়েত ইসলাম, মো. সাকিবুল ইসলাম। এ টিমের ম্যানেজার ছিলেন সহকারী অধ্যাপক এনামুল হক।

উল্লেখ্য, প্রতিযোগিতায় বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে ১৪৬টি দল অংশগ্রহণ করে। এর মধ্যে বাংলাদেশ থেকে শুধু মাত্র শাবিরই ১১টি টিম ছিল। শাবির এই টিমগুলোর সদস্যদের পরীক্ষায় অংশগ্রহণের জন্য সার্বিক সহযোগিতা করেন পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষক অধ্যাপক ড. ইয়াসমিন হক, সহকারী অধ্যাপক এনক সমাদ্দার ও পঙ্কজ কুমার দাস ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.