সিলেটটুডে ডেস্ক | ১৮ জানুয়ারী, ২০১৭
ময়মনসিংহ আনন্দ মোহন কলেজের হোস্টেল
নিজের স্মৃতিবিজড়িত ময়মনসিংহ আনন্দ মোহন কলেজের হোস্টেল (ছাত্রাবাস) সংস্কারের দাবিতে অনশনের ডাক দিয়েছেন বাংলা একাডেমি পুরস্কার, স্বাধীনতা পদক ও একুশে পদক পাওয়া কবি নির্মলেন্দু গুণ।
বুধবার (১৮ জানুয়ারি) সকালে নিজের ফেসবুক টাইমলাইনে দেয়া এক পোস্টে কবি একথা জানান।
১৯৬২ সালে ময়মনসিংহের আনন্দ মোহন কলেজে ভর্তি হয়ে সেখান থেকে ১৯৬৪ সালে উচ্চ মাধ্যমিক পাস করেন নির্মলেন্দু গুণ। পরবর্তী দুই বছর এই কলেজের হোস্টেলে থেকেই লেখাপড়া করেন কবি। যে হোস্টেলটিতে কবি থাকতেন, সেটির নাম ছিল 'হিন্দু হোস্টেল'। দীর্ঘ ৫৫ বছর ধরে অবহেলিত হয়ে পড়ে আছে কলেজ হোস্টেলটি। সংস্কার হয়নি কখনো।
হোস্টেলটির কোনো সংস্কার না হওয়ায় বিস্মিত ও ক্ষুব্ধ হয়েছেন কবি। সেই ক্ষোভ থেকে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে হোস্টেলটির সংস্কারের দাবিতে বর্তমান ছাত্রদের অনশন করার ডাক দিয়েছেন তিনি। নিজেও সেই অনশনে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন কবি।
নির্মলেন্দু গুণ তাঁর পোস্টে লেখেন, ‘আজ থেকে ৫৫ বছর আগে, ১৯৬২ সালে ম্যাট্রিক (বর্তমানে এসএসসি) পাস করে আমি ময়মনসিংহ আনন্দ মোহন কলেজে আইএসসিতে ভর্তি হই। ভালো ফল করায় আমি ছিলাম Residential scholarship holder। সেই সুবাদে আমার থাকার ব্যবস্থা হয় আনন্দ মোহন কলেজের হিন্দু হোস্টেলে। এই যে ছবিটি দেখছেন, মাননীয় শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি, এটি ঢাকার কোনো বস্তিতে তোলা অবৈধ কোনো স্থাপনা নয়, ব্রিটিশ আমলে অস্থায়ী নিবাস হিসেবে ব্রিটিশ সৈন্যবাদের জন্য নির্মিত আজিমপুরের পলামী ব্যারাকও নয়।'