নিজস্ব প্রতিবেদক | ১৯ জানুয়ারী, ২০১৭
সিলেট মুরারী চাঁদ (এমসি) কলেজের থিয়েটার মুরারী চাঁদের এক কর্মীকে মারধর করেছে ছাত্রলীগের কর্মীরা। বুধবার দুপুরে কলেজ ক্যাম্পাসে থিয়েটার কক্ষের ভেতরে অতর্কিতে হামলা চালিয়ে দুলাল দাস নামের ওই কর্মীকে মারধর করা হয় বলে অভিযোগ করেছেন থিয়েটারটির অন্য কর্মীরা।
মারধরে আহত দুলাল দাস সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। দুলাল থিয়েটার মুরারী চাঁদের অর্থ সচিব ও এমসি কলেজের বিএসএস (পাস) কোর্সের চুড়ান্ত বর্ষের ছাত্র।
তবে ছাত্রলীগ নেতাদের দাবি, ব্যক্তিগত বিরোধ থেকে এ ঘটনা ঘটে। কলেজ শিক্ষকরা এটি সমাধান করে দিয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার দুপুর আরো কয়েকজন কর্মীর সাথে থিয়েটার কক্ষে বসা ছিলেন দুলাল। বেলা দেড়টার দিকে সালমান অপু, রবিউল, সৌরভসহ ছাত্রলীগের ১৫/২০ জন কর্মী ওই কক্ষে গিয়ে দুলালকে মারধর করেন। তাদের হামলায় আহত দুলালকে সাথেসাথেই ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়।
মারধরের খবর পেয়ে কলেজের উপাধ্যক্ষ হায়াতুল ইসলাম আখঞ্জি, থিয়েটার মুরারীচাঁদের উপদেষ্ঠা অধ্যাপক শামীমা চৌধুরী, কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক তো্তিউর রহমানসহ ছাত্রলীগের জেষ্ঠ্য নেতারা ঘটনাস্থলে আসেন। তাঁরা বিষয়টি আপোষে মীমাংসা করে দেওয়ার আশ্বাস দেন।
তবে বুধবার রাত পর্যন্ত এঘটনার কোনো মীমাংসা হয়নি বলে জানা গেছে।
এ ব্যাপারে থিয়েটার মুরারীচাঁদের এক সদস্য বলেন, মারধরের ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এ ব্যাপারে কলেজ ছাত্রলীগের নেতা টিটু চৌধুরী বলেন, ছাত্রলীগ বা থিয়েটার কর্মী হিসেবে নয়। ব্যক্তিগত বিরোধ থেকে দু'জনের মধ্যে একটু ঝামেলা হয়েছে। কলেজের শিক্ষককরা বিষয়টি সমাধান করে দিয়েছেন।