Sylhet Today 24 PRINT

যারা বিজয়ী হয় তারাই ইতিহাস রচনা করে: ড. আলী রিয়াজ

রাবি প্রতিনিধি |  ২৯ জানুয়ারী, ২০১৭

‘বাংলাদেশের ইতিহাস বিষয়ক বেশিরভাগ পুস্তকগুলো রচনার ক্ষেত্রে বিভিন্ন সরকারের শাসনামলের প্রভাব লক্ষ করা যায়। এজন্য সুস্পষ্ট রাজনৈতিক ইতিহাসের ভাষ্য রচনার ক্ষেত্রে বাধা সৃষ্টি হচ্ছে। এছাড়া আমাদের অধিকাংশ রাজনীতিবিদরা আত্মজীবনী লিখে না দুই একজন বাদে, যা রাজনৈতিক ইতিহাস লেখার ক্ষেত্রে তথ্য প্রাপ্তিতে সমস্যা হয়।’

রোববার (২৯ জানুয়ারি) সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউট অব বাংলাদেশ স্টাডিজের (আইবিএস) সম্মেলন কক্ষে এ কথা বলেন যুক্তরাষ্ট্রের ইলিয়নস স্টেট বিশ্ববিদ্যালয়ের রাজনীতি ও সরকার বিভাগের প্রধান অধ্যাপক ড. আলী রিয়াজ।

‘বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস রচনার সমস্যা’ শীর্ষক বক্তৃতা অনুষ্ঠানে ড. রিয়াজ আরো বলেন, ‘ইতিহাসের সঙ্গে ক্ষমতার একটা সম্পর্ক আছে। সে ক্ষমতায় যারা বিজয়ী হয় তারাই ইতিহাস রচনা করে। পরাজিতরা ইতিহাস রচনা করে না। আর বিজয়ীরা তাদের মতো করে, তাদের অবস্থানে থেকে ইতিহাস রচনার চেষ্টা করে থাকে।’

অনুষ্ঠানে আইবিএসের পরিচালক অধ্যাপক স্বরোচিষ সরকারের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক ইশতিয়াক জামিল।

এ সময় ইন্সটিটিউটের অর্ধশতাধিক গবেষকসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.