শাবি প্রতিনিধি | ০৪ ফেব্রুয়ারী, ২০১৭
ক্রিকেট খেলাকে কেন্দ্র করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ছাত্রলীগের সভাপতি সঞ্জীবন চক্রবর্তী পার্থ ও সহ-সভাপতি অঞ্জন রায়ের সমর্থকদের সংঘর্ষের ঘটনায় থানায় পাল্টাপাল্টি মামলা দায়ের করা হয়েছে।
শুক্রবার (৩ ফেব্রুয়ারি) রাতে জালালাবাদ থানায় মামলা দায়ের করেন সঞ্জীবন চক্রবর্তী পার্থ'র সমর্থক ছাত্রলীগের ক্রীড়া সম্পাদক জাকির খান।
জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার প্রধান আসামি করা হয়েছে শাবি ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলামকে। অন্য আসামিরা হলেন- পরিবেশ সম্পাদক খলিলুর রহমান, উপ ধর্ম-সম্পাদক আরিফ হোসাইন কেনেডি, আশরাফ আদনান, সদস্য নুরুল আমিন, শফিকুল ইসলাম, এমদাদ রহমান ও শাহরিয়ার ইসলাম।
এর আগে গত বুধবার (১ ফেব্রুয়ারি) প্রথম মামলাটি করেন সহ-সভাপতি অঞ্জন রায় এর সমর্থক শাহরিয়ার ইসলাম।
উল্লেখ্য, গত মঙ্গলবার বিকালে শাবি ক্যাম্পাসে আন্তঃবিভাগ ক্রিকেট খেলাকে কেন্দ্র করে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখা ছাত্রলীগের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৮ জন আহত হন।
বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে ব্যবসায় প্রশাসন ও ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রডাকশন ইঞ্জিনিয়ারিং (আইপিই) বিভাগের মধ্যে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলার শেষ পর্যায়ে দুটি বিভাগের দর্শকদের মাঝে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ শুরু হয়।