নিজস্ব প্রতিবেদক | ২৮ এপ্রিল, ২০১৫
ভূমিকম্পে হতাহত স্বদেশী স্বজনদের জন্য শুভকামনা জানিয়ে মোমবাতি প্রজ্জ্বলন করেছেন সিলেটের নেপালি শিক্ষার্থীরা। সোমবার রাতে সিলেটের বেসরকারী মেডিকেল কলেজ রাগীব রাবেয়া ক্যাম্পাসে তারা মোমবাতি প্রজ্জ্বলন করেন। এতে নেপালি ৩শ' শিক্ষার্থী ছাড়াও বাংলাদেশী শিক্ষার্থীরাও অংশ নেন।
আয়োজকরা জানান, সিলেটের বিভিন্ন উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে হাজারখানেক নেপালি শিক্ষার্থীরা পড়ালেখা করছেন। এরমধ্যে রাগীব রাবেয়া মেডিকেল কলেজেই পড়ছেন প্রায় ৩শ' শিক্ষার্থী। শনিবারের ভূমিকম্পে এদের অনেকেই স্বজন হারিয়েছেন। এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মিলে সোমবার নিহতদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচীর আয়োজন করেন। সোমবার রাত ৮টায় মোমবাতি জ্বালিয়ে নিহতের আত্মার শান্তি ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করা হয়। এসময় হতাহতদের জন্য প্রার্থণাও করেন অংশগ্রহণকারীরা।
মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচীর অন্যতম আয়োজক, রাগীব রাবেয়া মেডিকেল কলেজের শিক্ষার্র্থী সুশীল কেছি বলেন, আমরা মোমবাতি জ্বালিয়ে নিহতদের স্মরণ করেছি। এছাড়া দূর্যোগ মোকাবেলায় সিলেট নগরীতে ঘুরে ঘুরে সাহায্য সংগ্রহ করছি।
উল্লেখ্য, শনিবারের ভূমিকম্পে নেপাল ধ্বংসস্তুপে পরিণত হয়েছে। এই বিপর্যয়ে এ পর্যন্ত ৪ হাজার জন নিহত হওয়ার সংবাদ পাওয়া গেছে। আহত হয়েছেন আরো কয়েক সহস্ত্রাধিক।