সিলেটটুডে ডেস্ক | ১৩ ফেব্রুয়ারী, ২০১৭
ঋতুরাজ বসন্তের প্রথম দিনে সিলেটের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটির কালচারাল ক্লাব কবি নজরুল অডিটোরিয়ামে প্রথমবারের মত আয়োজন করল বসন্ত বরণ উৎসব-১৪২৩।
বসন্ত মানেই নতুন সাজে প্রকৃতি মুখরিত হওয়ার সময়। বসন্ত আনন্দ আর উচ্ছাস মুখরতায় মন-প্রাণ ভরিয়ে তুলে। নানা আয়োজনের মাধ্যমে কালচারাল ক্লাব দিনব্যাপী উৎসবের আয়োজন করে।
এতে লিডিং ইউনিভার্সিটির শিক্ষার্থীরা একক ও দলীয় সংগীত, নৃত্য ও আবৃত্তির মধ্যে একক আবৃত্তি, দলীয় আবৃত্তি ও লোকগীতিসহ অনেক উল্লাসমুখর অনুষ্ঠানমালা পরিবেশন করে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা লাল-হরুদের বাসন্তী রঙে প্রকৃতির সঙ্গে নিজেদের সাজিয়ে কবি নজরুল অডিটোরিয়াম মুখরিত করে তুলে।
লিডিং ইউনিভার্সিটির শিক্ষার্থী মৌ ও নৈরিতার সঞ্চালনায় নীলার গান, পংকজের লোকগীতি, পূজার পাহাড়ি নৃত্য, রুহিত এবং অনুরাগীর প্রাণ চায় চক্ষু না চায় যার একি. . . . লজ্জায় রবীন্দ্র সংগীতসহ আরও অনেকের চমৎকার পরিবেশনার মাধ্যমে বরন করে নেওয়া হয় বসন্তকে।
এরই মধ্যে সবাইকে বসন্তের শুভেচ্ছা জানাতে অনুষ্ঠানে আসেন লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মো. কামরুজ্জামান চৌধুরী। এ সময় লিডিং ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এবং সোশ্যাল সাইন্স অনুষদের ডিন প্রফেসর ড. এস. এম. আলী আক্কাস, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
কালচারাল ক্লাব উপদেষ্টা চৌধুরী তাবাসসুম শাকিলা উপস্থিত অতিথিদের ধন্যবাদ জানান আজকের এই বসন্ত বরনে এসে অনুষ্ঠানকে সাফল্য মণ্ডিত করার জন্য।