Sylhet Today 24 PRINT

রাবি চলচ্চিত্র সংসদের নবীনবরণ ও চলচ্চিত্র প্রদর্শনী

রাবি প্রতিনিধি |  ১৩ ফেব্রুয়ারী, ২০১৭

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) রাবি চলচ্চিত্র সংসদের উদ্যোগে ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ‘নবীনবরণ ও চলচ্চিত্র প্রদর্শনী’ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন বলেন, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার মধ্য দিয়ে তোমরা অপার স্বাধীনতা পেয়েছো। সে স্বাধীনতা যেন জীবন ধ্বংসের কারণ না হয়ে দাঁড়ায়। এই স্বাধীনতাকে তোমরা জীবন গঠনের সহায়ক শক্তি হিসেবে গ্রহণ করে সৃজনশীল মানুষ হিসেবে গড়ে উঠবে। আর বর্তমানে চলচ্চিত্র শিল্পের যে অবনতি দেখা যাচ্ছে সেখান থেকে চলচ্চিত্রকে বাঁচাতে হলে এই চলচ্চিত্র সংসদের সঙ্গে যুক্ত হয়ে রুচিশীল ও জীবন ঘনিষ্ঠ চলচ্চিত্র নির্মাণ করতে হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে চলচ্চিত্র সংসদের প্রধান উপদেষ্টা কথাসাহিত্যিক হাসান আজিজুল হক বলেন, চলচ্চিত্র মানুষের জন্য চিত্তাকর্ষক, আকর্ষণীয় ও অনেক বেশি শিক্ষামূলক। আর সে কাজ করে যাচ্ছে এই চলচ্চিত্র সংসদ। বর্তমানে রাবির সাংস্কৃতিক কর্মকা- গোটা বাংলাদেশে বৃহৎ পরিসরে কাজ করে যাচ্ছে যা অত্যন্ত প্রশংসনীয়।

অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের মধ্য থেকে লটারির মাধ্যমে ১৫ জন শিক্ষার্থীকে চলচ্চিত্র সংসদের অনারারি মেম্বারশিপ ফরম ও ফুল দিয়ে বরণ করে নেন অতিথিরা। আলোচনা পর্ব শেষে মুক্তিযুদ্ধকে উপজীব্য করে হুমায়ূন আহমেদের কাহিনী অবলম্বনে মোরশেদুল ইসলামের নির্মিত চলচ্চিত্র ‘অনিল বাগচীর একদিন’ এবং একাত্তরের যুদ্ধশিশুদের নিয়ে শবনব ফেরদৌসী নির্মিত প্রামাণ্য চলচ্চিত্র ‘জন্মসাথী’ প্রদর্শিত হয়।

রাবি চলচ্চিত্র সংসদের সহ-সভাপতি নাজমুল ইসলাম এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী সম্পা সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী ফিল্ম সোসাইটির সভাপতি চলচ্চিত্র নির্মাতা আহসান কবীর লিটন ও ঋত্বিক ঘটক চলচ্চিত্র সংসদের সাধারণ সম্পাদক মাহমুদ হোসেন মাসুদ।

অনুষ্ঠানে সমাপনী বক্তব্য দেন রাবি চলচ্চিত্র সংসদের সভাপতি অধ্যাপক ড. সাজ্জাদ বকুল এবং সাধারণ সম্পাদক সাকিবুর রহমান সাকিব স্বাগত বক্তব্য দেন। এসময় মিলনায়তনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও বর্ষের প্রায় তিন হাজার শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.