Sylhet Today 24 PRINT

‘বাঙালি পরিচয় একইসঙ্গে ধর্মনিরপেক্ষ ও ধর্মদ্বারা প্রভাবিত’

রাবি প্রতিনিধি |  ১৬ ফেব্রুয়ারী, ২০১৭

বাঙালি পরিচয় একইসঙ্গে ধর্মনিরপেক্ষ এবং ধর্মদ্বারা গভীরভাবে প্রভাবিত হয়। তাদের পরিচয়ের বিভিন্ন অনুষঙ্গ যেমন ভাষা, সংস্কৃতি, জাতিগত বৈশিষ্ট্য ও ধর্ম সহজেই সহাবস্থান করে, যতক্ষণ না রাজনৈতিক অভিজাতেরা নিজেদের দৃষ্টিভঙ্গিকে সংখ্যাগরিষ্ঠের সমর্থনের আশায় সুকৌশলে পরিবর্তন ঘটায়। যখন প্রতিযোগিতায় থাকা অভিজাতেরা এইসব অনুষঙ্গকে একে অন্যের বিপরীতে দাঁড় করিয়ে দেন, তখন সংঘাতের উত্থান ঘটে।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সিনেট ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে এক বিশেষ বক্তৃতায় এসব কথা বলেন বেলজিয়ামের ডেভেলপমেন্ট রিসার্চ কোঅপারেশন-এর অন্যতম পরিচালক ড. তাজিন মেহনাজ মুরশিদ।

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ‘বাঙালির আত্মপরিচয়ে ধর্মনিরপেক্ষতার অন্তর্ভুক্তি : ভাষা আন্দোলন প্রসঙ্গ’ শীর্ষক এক বক্তৃতা অনুষ্ঠানের আয়োজন করে রাবির ইন্সটিটিউট অব বাংলাদেশ স্টাডিজ (আইবিএস)।

ড. তাজিন মুরশিদ তাঁর বক্তব্যে আরো বলেন, ১৯৪০ এবং ৫০ দশকে, বিশেষত স্বাধীন পাকিস্তান রাষ্ট্রের উদ্ভবের পর পূর্ব বাংলায় বাঙালির নিজস্ব পরিচয় গঠনের ইতিহাস খোঁজা হয়েছে। সামাজিক এবং রাজনৈতিক দৃষ্টিভঙ্গি অথবা পরিচায়ক নির্মাণে বাংলাদেশের মুসলিম বুদ্ধিজীবী সম্প্রদায় নীতিগতভাবে সমজাতীয় ছিলেন না।

এসময় ভাষা আন্দোলনের গুরুত্ব সম্পর্কে তিনি বলেন, আমাদের ভাষা আন্দোলনের নানামুখী গুরুত্ব রয়েছে। এটি বুদ্ধিজীবী সমাজের আত্ম-উপলব্ধির বৈপরিত্য নিয়ে তাদের অবস্থানকে চিহ্নিত করে। তাদের অবস্থান কখনো ছিল রাজনৈতিক বিবেচনায়। এগুলো প্রায়ই পরিচয়ের ধর্মীয় এবং ধর্মনিরপেক্ষ মাত্রার প্রতিফলন ঘটাতো। এ উদ্বেগ কখনো কখনো বেদনাদায়ক বিরোধিতায় ঠেলে দিতো।

তিনি আরো বলেন, ‘১৯৪০ এবং ৫০ এর দশকে, বিশেষত স্বাধীন পাকিস্তান রাষ্ট্রের উদ্ভবের পর, পূর্ব বাংলায় বাঙালির নিজস্ব পরিচয় গঠনের ইতিহাস খোঁজা হয়েছে। সামাজিক এবং রাজনৈতিক দৃষ্টিভঙ্গি অথবা পরিচায়ক নির্মাণে বাংলাদেশের মুসলিম বুদ্ধিজীবী সম্প্রদায় নীতিগতভাবে সমজাতীয় ছিলেন না।’

আইবিএসের পরিচালক অধ্যাপক স্বরোচিসষ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন। এতে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান। অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন বিশিষ্ট কথাসাহিত্যিক অধ্যাপক হাসান আজিজুল হক ও বিশিষ্ট চিন্তক-গবেষক-লেখক প্রফেসর সনৎকুমার সাহা। এসময় বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক মো. মিজানুর রহমানসহ শতাধিক ব্যক্তি উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.