Sylhet Today 24 PRINT

শাবির এফইটি বিভাগের যুগপূর্তি উৎসব শুরু বৃহস্পতিবার

শাবি প্রতিনিধি  |  ২২ ফেব্রুয়ারী, ২০১৭

‘এ ট্রিপ টু নস্টালজিয়া’ স্লোগানকে সামনে রেখে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টি টেকনোলজি (এফইটি) বিভাগের ২ দিনব্যাপী যুগপূর্তি উৎসব ও পুনর্মিলনী অনুষ্ঠান বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে।

বুধবার (২২ ফেব্রুয়ারি) দুপুর দেড়টায় শাবি প্রেসক্লাবে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান যুগপূর্তি উৎসবের আহ্বায়ক ও এফইটি বিভাগের প্রধান প্রফেসর ড. মোজাম্মেল হক।

লিখিত বক্তব্যে তিনি বলেন, '২ দিনব্যাপী অনুষ্ঠানে প্রথম দিনে রয়েছে র‌্যালি, সেমিনার, খেলাধুলা, আনন্দ আড্ডা, স্যুভেনির প্রকাশনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। পরদিন শুক্রবারে থাকছে বিভাগের সাবেক শিক্ষার্থীদের স্মৃতিচারণ, অ্যালামনাই কমিটি গঠন ও ব্যান্ড দল আর্টসেল এর ওপেন কনসার্ট। এছাড়াও থাকছে শাবির মিউজিক্যাল সংগঠন নোঙ্গর ও রিমের কনসার্ট।'

যুগপূর্তি উৎসবের সদস্য সচিব সহকারী অধ্যাপক মনির হোসেন জানান, বৃহস্পতিবার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শাবি ভিসি ড. আমিনুল হক ভূঁইয়া। এফইটি বিভাগের প্রধান ড. মোজাম্মেল হকের সভাপতিত্বে মূল বক্তা হিসেবে থাকবেন বাকৃবি'র জার্মপ্লাজম সেন্টারের পরিচালক ড. এম এ রহিম।

২ দিনব্যাপী এই অনুষ্ঠানের টাইটেল স্পন্সর হিসেবে থাকছে প্রাণ-আরএফএল গ্রুপ এবং ফুড পার্টনার হিসেবে আছে ক্যালরী হাইপি।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন শাবির সহকারী অধ্যাপক মনির হোসেন ও সহকারী অধ্যাপক আফজাল হোসেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.