এমসি কলেজ প্রতিনিধি | ১৩ মার্চ, ২০১৭
পৃথিবী বের হয়ে আসার সময় দিন-রাত ছিল ৬ ঘণ্টা এখন যা ২৪ ঘণ্টা। তখন ১৮ হাজার কিলোমিটার দূরত্বে থাকা চাঁদ এখন মিলিয়ন কিলোমিটার দূরত্বে কিংবা দশ-পনের লক্ষ বছর আগে উনিশটা চাঁদ থেকে আজ একটা চাঁদ কিভাবে আসল এরকম কতো চিন্তাই হয়তো আজ মাথায় ঘুরপাক খাচ্ছে এমসি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের মাঝে।
প্রায় সাড়ে পাঁচশত কোটি বছর আগে প্রাচীনতম বিন্দুর মহাবিস্ফোরণ থেকে মহাবিশ্ব তৈরি হয়ে আজকের বর্তমান বিশ্বের সৃষ্টির রহস্য ও প্রাণের বিকাশ সম্পর্কিত দেড় ঘণ্টার এক প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয় এমসি কলেজে।
সোমবার (১৩ মার্চ) সকাল সাড়ে ১১টায় রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০০ শিক্ষার্থীর সামনে এই প্রামাণ্যচিত্র নিয়ে আসেন বিভাগের সহযোগী অধ্যাপক আসিরুল হক।
পরিবেশ ও উন্নয়নের এ শিক্ষকের এ ধরনের উদ্যোগের কারণ জানতে চাইলে আসিরুল হক বলেন, 'যেহেতু আমরা পৃথিবীতে বসবাস করি স্বাভাবিকভাবেই কৌতুহল জন্মায় আমরা যেখানে বসবাস করি এটা কিভাবে আসলো, কবে পৃথিবীতে মানুষ আসলো, ডাইনোসরের মতন প্রাণী কেন বিলুপ্ত হলো এ ধরেনের বিষয়গুলো অনেকেই জানে না। ছাত্র-ছাত্রীদেরকে এটা জানানো দরকার।'
আর তাছাড়া শিক্ষার্থীদের ক্যারিয়ার তৈরি ও আত্মবিশ্বাস জোগাতে এটা বেশ কাজে লাগবে বলেও জানান তিনি।
দেড় ঘণ্টার প্রামাণ্যচিত্রে বুঁদ হয়ে থাকা মাস্টার্স শেষ পর্ব শিক্ষার্থী আলমগীর হোসাইন বলেন, 'স্যারের এ ধরনের উদ্যোগ অসাধারণ। আমরা যারা ছাত্রজীবনের শেষ পর্যায়ে এসে গেছি পাঠ্যপুস্তকের বাইরে খুব একটা যাওয়া হয় না। পৃথিবী সৃষ্টি ও প্রাণের বিকাশ সম্পর্কে এ প্রামাণ্যচিত্রে নতুন করে অনেক কিছুই জানলাম।'
রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক শামীমা আকতার চৌধুরী বলেন, 'আমরা এই পৃথিবীতে আছি। প্রতিদিন অপার বিস্ময়ে তাকিয়ে দেখি সূর্য্য উঠা, জ্যোৎস্নার লাবণ্য, প্রকৃতির পালাবদল। সময় কোথায় সৃষ্টির রহস্য নিয়ে ভাবার?
আজ রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকর্মী সহযোগী অধ্যাপক আসিরুল হকে উদ্যোগে, ব্যবস্থাপনায় সহকর্মী ও অগণিত অনুসন্ধিৎসু শিক্ষার্থীসহ উপভোগ করলাম প্রামাণ্যচিত্র 'EARTH-The Making Of A Planet'।
প্রামাণ্যচিত্র প্রদর্শনীর সময় রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ফরিদ আহমদ, জীবন কৃষ্ণ আচার্য্য, সহকারী অধ্যাপক কে এম আলমগীর, জামাল উদ্দীন, হালিমা খানম, প্রভাষক বায়েজীদ আলম, মৌসুমী আফরোজ, শোয়েব আহমদ খান ও দেবশ্রী পৈত্যসহ বিভাগের বিভিন্ন বর্ষের প্রায় দুই শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।