Sylhet Today 24 PRINT

রাবির দুই শিক্ষার্থীকে যুবলীগের মারধর, মোবাইল ছিনতাই

রাবি প্রতিনিধি |  ১৪ মার্চ, ২০১৭

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) দুই শিক্ষার্থীকে বেধড়ক মারধর করেছেন স্থানীয় যুবলীগের কয়েকজন নেতা-কর্মী। কয়েকজন শিক্ষার্থী ওই দুই শিক্ষার্থীকে উদ্ধারে এগিয়ে গেলে কেড়ে নেয়া হয় তাদের মোবাইল ফোন। 

সোমবার (১৩ মার্চ) রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন মির্জাপুর এলাকায় এ ঘটনা ঘটে।

মারধরের শিকার শিক্ষার্থীরা হলেন, বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের পলাশ ও সুজন। তবে মারধরকারীদের পরিচয় পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, পলাশ ও সুজন রাত ৯টার দিকে মির্জাপুর থেকে বিনোদপুরে যাচ্ছিলেন। এসময় নেশাগ্রস্ত অবস্থায় স্থানীয় যুবলীগের কার্যালয় থেকে কয়েকজন নেতা-কর্মী বের হয়ে এসে কোন কারণ ছাড়াই তাদের বেধড়ক চড়-থাপ্পর ও কিল-ঘুষি দিতে থাকেন। এরপর তাদের উদ্ধার করতে আরও কয়েকজন শিক্ষার্থী সেখানে গেলে তাদের কাছ থেকে মোবাইল কেড়ে নিয়ে দেশীয় অস্ত্র দেখিয়ে ধাওয়া করেন যুবলীগের নেতা-কর্মীরা।

এ ঘটনার সুরাহা করতে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়ার কাছে গেলে তিনি মহানগর আওয়ামী লীগের মধ্যস্থতায় এ ঘটনার সুরাহা করার আশ্বাস দেন।

গোলাম কিবরিয়া বলেন, স্থানীয় যুবলীগের কয়েকজন নেতা-কর্মী বিশ্ববিদ্যালয়ের দুইজন শিক্ষার্থীকে মারধর করেছে। বিষয়টি খুবই দুঃখজনক। আজ (মঙ্গলবার) আমরা বসে এ ব্যাপারে মীমাংসা করব।

এ বিষয়ে জানতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মজিবুল হক আজাদ খানকে ফোন দিলে তিনি জরুরী কাজে ব্যস্ত আছেন বলে ফোন কেটে দেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.