শাবিপ্রবি প্রতিনিধি | ১৪ মার্চ, ২০১৭
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের আয়োজনে বিশ্ব পাই দিবস উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার (১৪ মার্চ) দুপুর দেড়টায় ক্যাম্পাসে এক বর্ণাঢ্য র্যালি বের করে বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।
এ সময় উপস্থিত ছিলেন বিভাগীয় প্রধান প্রফেসর ড. আনোয়ারুল ইসলাম, প্রফেসর ড. আশরাফ উদ্দিন, প্রফেসর ড. মাহবুবুর রশিদ, সহকারী অধ্যাপক আলমগীর কবির, সহকারী অধ্যাপক হিমাদ্রী শেখর চক্রবর্তী প্রমুখ।
জানা যায়, গণিত বিভাগের শতাধিক শিক্ষক-শিক্ষার্থী বিশ্ব পাই দিবস উপলক্ষে একাডেমিক ভবন-সি’ এর সামনের কদমতলা থেকে র্যালি বের করে। র্যালিটি বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে কেক কাটা, কুইজ ও বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে বিভাগীয় সংগঠন শাবি গণিত সমিতি।
শাবির গণিত বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী জাহিদ হাসান জানান, র্যালি শেষে গণিত বিভাগের একটি কক্ষে কেক কাটা, কুইজ ও বারোয়ারী বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়। এ প্রতিযোগিতায় বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, বাংলাদেশে ২০০৬ সাল থেকে দিবসটি উদযাপন শুরু হলেও শাবির গণিত সমিতি ২০১২ সাল থেকে প্রতিবছর সারা বিশ্বের ন্যায় দিবসটি উদযাপন করে আসছে।