Sylhet Today 24 PRINT

জঙ্গিবাদ ও সন্ত্রাসমুক্ত দেশ গড়তে স্বাধীনতার চেতনাকে ধারণ করতে হবে

সিলেটটুডে ডেস্ক |  ২৬ মার্চ, ২০১৭

সিলেটের বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০১৭ পালন করা হয়েছে।

রোববার (২৬ মার্চ) সকাল ৯টায় লিডিং ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. কামরুজ্জামান চৌধুরীর নেতৃত্বে স্বাধীনতার ব্যানার, পতাকা এবং প্লেকার্ডস নিয়ে এক বর্ণাঢ্য র‌্যালি সুরমা টাওয়ার ক্যাম্পাস থেকে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় লিডিং ইউনিভার্সিটি পরিবারের ছাত্র-ছাত্রী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

র‌্যালি শেষে সকাল সাড়ে ১০টায় ইউনিভার্সিটির হলরুমে স্বাধীনতা ও জাতীয় দিবস ২০১৭ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। লিডিং ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. কামরুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন লিডিং ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন অনুষদের ডীন অধ্যাপক মো. নজরুল ইসলাম, আধুনিক বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক ড. খন্দকার মো. মমিনূল হক, কলা এবং আধুনিক ভাষা অনুষদের ডীন অধ্যাপক ড. গাজী আব্দুল্লাহেল বাকী, ছাত্রকল্যাণ উপদেষ্টা ও ইসলামিক স্টাডিজ  বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মো. আবুল কালাম চৌধুরী, আইন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. নূর মোহাম্মদ, ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক ড. আতিকুর রহমান বায়েজিত, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক কাজি মো. জাহিদ হাসান ও ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থী সুমন দেব নাথ। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মিসেস রুম্পা শারমিন।

লিডিং ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. কামরুজ্জামান চৌধুরী বলেন, বর্তমান প্রজন্মকে স্বাধীনতা যুদ্ধের প্রেক্ষাপট এবং বাস্তবতার সঠিক ইতিহাস জানতে হবে। জঙ্গিবাদ ও সন্ত্রাস দমন করতে হলে সমগ্র জাতিকে স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ হতে হবে, স্বাধীনতার ইতিহাস ও মূল্যবোধকে নিজেদের মধ্যে ধারণ করতে হবে। নতুন প্রজন্মের মধ্যে স্বাধীনতার অনুভূতিকে জাগ্রত করতে হবে এবং তাদেরকে সঠিক ইতিহাস জানাতে হবে। ১৯৭১ এর ২৫ মার্চে পাক হানাদার বাহিনী নির্বিচারে হত্যা করে এদেশের সাধারণ মানুষদেরকে, তাই ২৫ মার্চ জাতীয় গণহত্যা দিবস হিসেবে স্বীকৃতি পেয়েছে এবং তা আন্তর্জাতিক গণহত্যা দিবস হিসেবে স্বীকৃতি পাবারও দাবি রাখে

তিনি আরো বলেন, আমরা গর্বিত, আজ আমরা স্বাধীন মাতৃভূমি পেয়েছি বীর মুক্তিযোদ্ধাদের ত্যাগের বিনিময়ে। রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের সূচনায় সেই গৌরব এবং অহংকারের দিন আজ। আজ থেকে ৪৬ বছর পূর্বে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘোষণার মধ্য দিয়েই এই দিনে শুরু হয় মুক্তিযুদ্ধ। রচিত হয় বাংলাদেশের স্বাধীনতা, বঙ্গবন্ধুর ডাকে জীবনপথ সশস্ত্র লড়াইয়ে ঝাঁপিয়ে পড়ে বীর বাঙালী। উদিত হয় বাংলার আকাশে স্বাধীনতার চিরভাস্বর সূর্য।  

আলোচনা সভায় লিডিং ইউনিভার্সিটির সকল বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.