Sylhet Today 24 PRINT

দখলের উদ্দেশে রাবিতে হলের কক্ষে ছাত্রলীগের তালা

রাবি প্রতিনিধি |  ২৯ এপ্রিল, ২০১৭

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আবাসিক হলের কক্ষ দখলের জন্য কক্ষের দরজায় তালা ঝুলিয়ে দিয়েছে ছাত্রলীগ কর্মীরা।

শুক্রবার (২৮ এপ্রিল) দুপুর ১২টা থেকে রাত ১টা বিশ্ববিদ্যালয়ের মাদার বখ্শ হলের দু'টি কক্ষ তালাবদ্ধ রাখা হয় বলে অভিযোগ পাওয়া গেছে।

ভুক্তভোগী ওই দুই শিক্ষার্থী হলেন, ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের শিক্ষার্থী আল ইমরান ও প্রাণীবিদ্যা বিভাগের আকতার হোসেন।

প্রত্যক্ষদর্শী কয়েকজন শিক্ষার্থী বলেন, মাদারবখ্শ হলের এক শয্যাবিশিষ্ট ১৩৪ ও ১৩৬ নম্বর কক্ষের আল ইমরান ও আকতার হোসেনের মাস্টার্স পরীক্ষা কিছুদিন আগে শেষ হয়। এজন্য তাদেরকে হল ছেড়ে দিতে বলেন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগকর্মী গালিব ও অর্ক। তাদেরকে হল ছাড়ার জন্য সময়সীমাও বেধে দেন তারা। নির্ধারিত সময়ের মধ্যে হল না ছাড়ায় শুক্রবার দুপুরে দু'টি কক্ষে তালা ঝুলিয়ে দেন ওই দুই ছাত্রলীগ কর্মী।

এরপর সন্ধ্যায় ১৩৬ নম্বর কক্ষ থেকে আকতারকে বের করে পছন্দের কর্মীকে উঠিয়ে দেন তারা। পরে রাত ১২টার দিকে ঘটনাস্থলে রাবি ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া ও সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু এসে তালা খুলে দিতে বলেন। আর ইমরানকে শনিবারের মধ্যে কক্ষ ছাড়ার নির্দেশও দেয়া হয়।

তালা দেয়ার বিষয়ে জানতে চাইলে ছাত্রলীগ কর্মী আসাদুল্লাহিল গালিব বলেন, হল প্রাধ্যক্ষের অনুমতি নিয়ে তাদের কক্ষে তালা দেয়া হয়েছে। মাস্টার্স শেষ হওয়ায় তাদের হল ছাড়ার বিষয়ে সময়সীমা বেধে দেয়া হয়েছিল। তবুও তারা যায়নি, এজন্য তালা দিয়েছি।

তবে মাস্টার্স শেষ করা ছাত্রলীগের নেতাকর্মীরাও হলে থাকছে, তাদের বের করা হচ্ছে না কেন- এমন প্রশ্নের উত্তরে তিনি চুপ থাকেন গালিব।

হল প্রাধ্যক্ষ অধ্যাপক মো. তাজুল ইসলাম বলেন, হলে কে থাকবে, আর কে থাকবে না; তা দেখভালের দায়িত্ব হল প্রশাসনের। ছাত্রলীগের এ বিষয়ে কোনো এখতিয়ার নেই। তারা আমার কাছ থেকে কোনো অনুমতিও নেয়নি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.