Sylhet Today 24 PRINT

শাবিতে পরীক্ষামূলক চা বাগানের উদ্বোধন

শাবি প্রতিনিধি  |  ১৫ মে, ২০১৭

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফুড ইঞ্জিনিয়ারিং এন্ড টি টেকনোলজি বিভাগের পরীক্ষামূলক চা বাগানের উদ্বোধন করা হয়েছে। রোববার দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের সৈয়দ মুজতবা আলী হলের পাশ্ববর্তী টিলায় এই বাগানের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. আমিনুল হক ভূইয়া।

এফইটি বিভাগের প্রধান অধ্যাপক ড. মোজাম্মেল হকের সভাপতিত্বে বাগান উদ্বোধনকালে ড. আমিনুল হক ভূইয়া বলেন, ‘এই চা বাগান হওয়ায় শিক্ষার্থীদের গবেষনা কাজ করার সুযোগ সৃষ্টি হয়েছে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন সবসময় পাশে থেকে সহযোগিতা করবে।’

এফইটি বিভাগের প্রধান ড. মোজাম্মেল হক বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের বৃহৎ পরিসরে গবেষনার ক্ষেত্রে এই চা বাগান গুরুত্বপূর্ন ভূমিকা রাখবে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আমাদের দাবি, তারা যেন আমাদের এই কার্যক্রমের দিকে বিশেষ খেয়াল রাখে।’

চা বাগান উদ্বোধনকালে আরো উপস্থিত ছিলেন এফইটি বিভাগের অধ্যাপক ড. ইফতেখার আহমদ, সহযোগী অধ্যাপক মো. বেলাল হোসেন সিকদার, সহকারী অধ্যাপক রওশন আরা, ড. রাজিয়া সুলতানা চৌধুরী, মো. জহুরুল ইসলাম জহির, মো: মনির হোসেন, মুক্তা রায় ও কামরুন্নাহার মোনালিসাসহ বিভাগের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীবৃন্দ।

চা বাগানের সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন বিভাগের অধ্যাপক ড. ইফতেখার আহমদ। তিনি জানান, ‘বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আওতায় একটি প্রজেক্টের অধীনে ২০১৩ সালে দশমিক শূন্য এক ছয় (০.০১৬) হেক্টর জায়গার উপর ৩০০টি চা গাছের চারা রোপণের মাধ্যমে বাগানের যাত্রা শুরু হয়। বর্তমানে সেটি বেড়ে দশমিক শূন্য তিন ছয় আট (০.০৩৬৮) হেক্টর জায়গার উপর প্রায় এক হাজার চায়ের গাছ রয়েছে।’

ড. ইফতেখার আহমদ আরো জানান- ‘এটা হচ্ছে দেশের কোন পাবলিক বিশ্ববিদ্যালয়ের অধীনে তৈরি করা প্রথম চা বাগান। এবাগানে প্রায় ১৮-২০ প্রজাতের চায়ের গাছ রয়েছে। এর আগেও আমাদের শিক্ষার্থীরা বিভিন্ন চা বাগানে গিয়ে ফিল্ড ওয়ার্ক করতো। তবে বর্তমানে শিক্ষার্থীরা এখানে চা ও চা গাছের উপর গবেষণা এবং ফিল্ড ওয়ার্ক করার সুবিধা পাচ্ছে।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.