Sylhet Today 24 PRINT

সিকৃবিতে চা শ্রমিকদের জীবনযাত্রা নিয়ে ফটোগ্রাফি প্রদর্শনী

সিকৃবি প্রতিনিধি  |  ১৮ মে, ২০১৭

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফিক সোসাইটির (SAUPS) আয়োজনে চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। 'SHADOW ON THE COLOURS' নামে চা শ্রমিকদের জীবনযাত্রা নিয়ে ফটোগ্রাফি প্রদর্শনী করেছে এই সংগঠন।

বুধবার (১৭ মে) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের বৈশাখী চত্বরে প্রদর্শনীর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. গোলাম শাহি আলম । চিত্রপ্রদর্শনীতে আরো উপস্থিত ছিলেন ছাত্র পরামর্শ ও পরিচালনা নির্দেশক প্রফেসর ড. মতিয়ার রহমান হাওলাদার, ভেটেরিনারি, এনিম্যাল ও বায়োমেডিক্যাল সায়েন্স অনুষদের ডিন প্রফেসর ড. মো. মোহন মিঞা, এগ্রোনমি ও হাওর এগ্রিকালচার বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ নূর হোসেন মিঞা, সিলেট ফটো আর্ট ইন্সটিটিউট এর মেন্টর ফখরুল ইসলাম, সিকৃবি ছাত্রলীগের সভাপতি ডা. শামীম মোল্লা, সাধারণ সম্পাদক ডা. হৃত্বিক দেব, সিকৃবি ফটোগ্রাফিক সোসাইটির সভাপতি সৌমিক দেব, সাধারণ সম্পাদক বিনায়ক শর্মা সহ সংগঠনের সদস্যবৃন্দ।

উপাচার্য ড. গোলাম শাহি আলম বলেন , বিশ্ববিদ্যালয় হচ্ছে মুক্ত চিন্তা ও মুক্ত বুদ্ধির স্থান। বিশ্ববিদ্যালয়ে পড়ালেখার পাশাপাশি এ ধরনের কার্যক্রম শিক্ষার্থীদের আরও দক্ষ করে তুলবে। তাই তিনি এ ধরণের আয়োজন করায় সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফিক সোসাইটির সভাপতি সৌমিক দেব জানান, চা শ্রমিকদের জীবনী নিয়ে প্রায় ৬০টির মত আলোকচিত্র প্রদর্শিত হয়েছে। এ সকল আলোকচিত্রে চা শ্রমিকদের জীবনের নানা দিক ফুটে ওঠে।

সন্ধ্যা ৬টায় প্রদর্শনীটি শেষ হওয়ার কথা থাকলেও বিপুল দর্শকদের কারণে প্রদর্শনী সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত খোলা ছিল বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দপ্তর।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.