Sylhet Today 24 PRINT

রাবির ছাত্রী হল থেকে এইচএসসি’র ১০০ উত্তরপত্র উদ্ধার

রাবি প্রতিনিধি |  ২৩ মে, ২০১৭

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মন্নুজান হল থেকে রাজশাহী শিক্ষা বোর্ডের উচ্চমাধ্যমিক পরীক্ষার একশোটি উত্তরপত্র উদ্ধার করেছে হল কর্তৃপক্ষ।

সোমবার হলের দ্বিতীয় তলার বারান্দায় পড়ে থাকা একটি ব্যাগ থেকে উত্তরপত্রগুলো পাওয়া যায়।

জানা যায়, রাজশাহী নিউ গভঃ ডিগ্রি কলেজের এক শিক্ষক উত্তরপত্রগুলো মূল্যায়নের দায়িত্ব পান। ওই উত্তরপত্রগুলোর কোড- ২৬৮। কিন্তু তিনি ওই উত্তরপত্রগুলো মূল্যায়নের জন্য শাহ্ মখদুম কলেজের প্রভাষক ও এমপিথ্রি কোচিং-এর রাবি শাখার পরিচালক মাসুদুল হাসানকে দেন। মাসুদ তার কোচিং সেন্টারে কর্মরত রাবির এক ছাত্রকে দেন। ওই ছাত্র তার বান্ধবীকে উত্তরপত্রগুলো মূল্যায়নের জন্য দেয়।

এ বিষয়ে রাজশাহী শিক্ষার্বোডের নিয়ন্ত্রক ড. তরুণ কুমার সরকার বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে এইচএসসি পরীক্ষা ২০১৭ এর ২৬৮ কোডের দুই বান্ডিল খাতা ঢুকেছে। খাতাগুলো মূল্যায়ন করার জন্য নগরীর নিউ গভঃ ডিগ্রী কলেজের অধ্যাপক আবুল কালামকে দেয়া হয়েছিল। কীভাবে খাতাগুলো এসেছে তা তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। আর সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় ইসলামের ইতিহাস বিষয়ের ১০০ কপি উত্তরপত্র উদ্ধার করা হয়েছে ’

হলের প্রাধ্যক্ষ ড. জিন্নাত ফেরদৌসী, ‘রাজশাহী শিক্ষাবোর্ডের ডেপুটি কন্ট্রোলারের কাছে তথ্য ছিলো, এই হলে বোর্ড পরীক্ষার কিছু খাতা রয়েছে। পরে তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে সহযোগিতা চান।’

‘এরপর সোমবার বিকেলে পাঁচটার দিকে প্রক্টরসহ হল প্রশাসনে উপস্থিতিতে তল্লাশি চালানো হয়। হলের দ্বিতীয় তলার বারান্দায় একটি ব্যাগ থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষার কয়েকটি উত্তরপত্র পাওয়া যায়। তবে কার মাধ্যমে এই খাতা এখানে এসেছে তা জানা যায়নি। কয়েকজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হলে তারা অস্বীকার করেন। তাই নিশ্চিত না হয়ে কোনো শিক্ষার্থীকে হয়রানী করা হয়নি।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মজিবুল হক আজাদ খান জানান, ‘তল্লাশি চালিয়ে ব্যাগটি উদ্ধার করা হয়েছে। তবে খাতাগুলো কে এনেছে তা এখনো জানা যায়নি। রাজশাহী শিক্ষা বোর্ডের কর্মকর্তারা এসেছেন। তাদের কাছে খাতাগুলো বুঝিয়ে দেয়া হয়েছে।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.