Sylhet Today 24 PRINT

জাফর ইকবালকে নিয়ে কটুক্তির প্রতিবাদে মঙ্গলবার শাবিতে সমাবেশ

নিজস্ব প্রতিবেদক |  ১১ মে, ২০১৫

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(শাবিপ্রবি) অধ্যাপক ও জনপ্রিয় লেখক ড. মুহম্মদ জাফর ইকবালকে নিয়ে সাংসদ মাহমুদ-উস সামাদ চৌধুরী কয়েসের কটুক্তির প্রতিবাদে ফুঁসে উঠেছে পুরো শাহজালাল বিশ্ববিদ্যালয়। কটুক্তির প্রতিবাদে মঙ্গলবার বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় লাইব্রেরীর সামনে প্রতিবাদ সমাবেশের আয়োজন করেছে সাধারণ শিক্ষার্থীরা।

সাধারণ শিক্ষাথীদের ভাষ্যমতে, নিজের “অশিক্ষা এবং অবিবেচনার” প্রকাশ ঘটিয়ে এই সংসদ সদস্য যে বক্তব্য দিয়েছেন, তাতে করে শাবিপ্রবির সিনেট সদস্য হিসেবে অযোগ্যতার পরিচয় দিয়েছেন। সাধারণ শিক্ষার্থীরাও তার এই আচরণে খুবই ক্ষুব্দ।

তাই শাহজালাল বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা এই ঘটনার যথাযথ শাস্তির দাবীতে ১২ মে মঙ্গলবার দুপুর ১২ টায় শাবিপ্রবির কেন্দ্রীয় লাইব্রেরীর সামনে প্রতিবাদ সমাবেশের আয়োজন করতে যাচ্ছে।

সাধারণ শিক্ষার্থীগণ আরো জানান, কোন অন্যায়ের সামনে মাথা নত করে থাকবে না শাবিপ্রবি কিংবা শাবিপ্রবির কোন শিক্ষার্থী। উক্ত সংসদ সদস্যের মন্তব্যে শাবিপ্রবিসহ সর্বত্রই বইছে প্রতিবাদ ও নিন্দার ঝড়। ইতোমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতেও প্রতিবাদ সমাবেশের ডাক দেওয়া হয়েছে।

উল্লেখ্য, শনিবার সকালে ফেঞ্চুগঞ্জে একটি মেধাবৃত্তি পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে ড. মুহম্মদ জাফর ইকবালকে নিয়ে বিভিন্ন আপত্তিকর মন্তব্য করেন শাবি সিনেট সদস্য ও সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েস।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.