Sylhet Today 24 PRINT

৩৮তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবে ২০২৪ জন

সিলেটটুডে ডেস্ক |  ২০ জুন, ২০১৭

সরকারি চাকরিতে লোক নিয়োগে ৩৮তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন- পিএসসি। ১০ জুলাই থেকে ৩৮তম এ আবেদন করা যাবে। আবেদনের শেষ সময় ১০ আগস্ট। এ বিসিএসের মাধ্যমে জনপ্রশাসনে ২ হাজার ২৪ জন ক্যাডার কর্মকর্তা নিয়োগ করা হবে।

মঙ্গলবার (২০ জুন) বিকেলে সরকারি কর্ম কমিশনের (পিএসসি)র জনসংযোগ কর্মকর্তা ইশরাত শারমীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪টি ক্যাডারের ২০২৪টি শূন্য পদের জন্য প্রার্থীরা আগামী ১০ জুলাই থেকে ১০ আগস্ট পর্যন্ত আবেদন করতে পারবেন।

কমিশনের চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক বলেন, ৩৮তম বিসিএস থেকে লিখিত পরীক্ষার উত্তরপত্র দুইজন পরীক্ষক দ্বারা মূল্যায়ন করা হবে এবং একইসাথে মোট আটটি বিভাগে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। বাংলার পাশাপাশি ইংরেজি ভার্সনেও প্রশ্নপত্র মুদ্রিত থাকবে।

তিনি বলেন, আবেদনপত্রে প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের নম্বর উল্লেখ করতে হবে। ৩৮তম বিসিএসে ১৩টি সাধারণ ক্যাডারে ৫২০টি পদ, কারিগরি ও পেশাগত ক্যাডারে ৫৪৯টি, সাধারণ শিক্ষা ক্যাডারে ৯৫৫টিসহ ২০২৪টি শূন্য পদের জন্য প্রার্থীরা আবেদন করতে পারবেন।

৩৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশের এক বছর তিন মাস ২২ দিন পর মঙ্গলবার ৩৮তম বিসিএসের এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.