Sylhet Today 24 PRINT

নর্থ ইস্ট ইউনিভার্সিটিতে ছাত্র-শিক্ষক বিতর্ক অনুষ্ঠিত

সিলেটটুডে ডেস্ক |  ১৫ অক্টোবর, ২০১৭

নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ ডিবেটিং সোসাইটির উদ্যোগে সংসদীয় রীতিতে এক ছাত্র-শিক্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৫ অক্টোবর) ইউনিভার্সিটি অডিটোরিয়ামে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আতফুল হাই শিবলী। বিতর্ক অনুষ্ঠানে স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডীন, প্রফেসর ড. তোফায়েল আহমদ।

বিতর্কের বিষয় নির্ধারিত ছিল ‘এই সংসদ মনে করে একটি সফল প্রেমের পেছনে ভালো সিজিপিএ এর কোন অবদান নেই’। সংসদীয় রীতি অনুযায়ী এই বিতর্কের পক্ষে সরকারি দল হিসেবে ‘সর্বদলীয় বিশ্ব ছাত্র সমাজ’ এবং বিপক্ষে বিরোধী দল হিসেবে শিক্ষকবৃন্দের ‘সার্বজনীন শিক্ষক সমাজ’ অংশগ্রহণ করেন।

বিতর্কে সরকারি দল ‘সর্বদলীয় বিশ্ব ছাত্র সমাজ’ এর বিতার্কিকরা হলেন নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর ডিবেটিং সোসাইটির প্রেসিডেন্ট সাফওয়াত মাহদী রাহাত, শিক্ষার্থী কমরুন নাহার আনসারী ও সুমন আহমদ এবং বিরোধী দল হিসেবে ‘সার্বজনীন শিক্ষক সমাজের’ বিতার্কিকরা হলেন সহযোগী অধ্যাপক, মো. তানভীর আহমেদ চৌধুরী, প্রভাষক শামীম আল আজিজ লেনিন ও প্রভাষক মিজানুর রহমান।

নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর ডিবেটিং সোসাইটির উপদেষ্টা ও সহকারী অধ্যাপক নুসরাত রিকজার সভাপতিত্বে বিতর্ক অনুষ্ঠানে ইউনিভার্সিটির বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.