Sylhet Today 24 PRINT

শাবিতে মেয়েদের ক্রিকেটে চ্যাম্পিয়ন অরোরা

শাবি প্রতিনিধি |  ২৩ নভেম্বর, ২০১৭

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগের মেয়েদের নিয়ে শুরু হওয়া একক প্রতিযোগীতামূলক ক্রিকেট টূর্নামেন্টের প্রথমবারেই চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে জিওগ্রাফী এন্ড ইনভায়রনমেন্ট বিভাগ এর দল টিম অরোরা।

বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের হ্যান্ডবল গ্রাউন্ডে অনুষ্ঠিত এ ফাইনালে জিইই এর দল টিম অরোরা নৃবিজ্ঞান বিভাগের ‘এন্থ্রো হার্ডহিটারস’কে পরাজিত করে। টুর্নামেন্টটি আয়োজন করেছে বিশ্ববিদ্যালয়ের খেলাধুলা বিষয়ক সংগঠন স্পোর্টস সাস্ট।

চরম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ ম্যাচে প্রথমে ব্যাট করে ছয় ওভারে ৩৩ রান করে এন্থ্রো হার্ডহিটারস। অন্যদিকে আগের ম্যাচগুলোতে রানের ফুলঝুরি ছুটালেও ৩৪ রানের জবাবে ম্যাচের শেষ বল পর্যন্ত খেলতে হয় টিম অরোরাকে। শেষ পর্যন্ত ২ উইকেটে জয় তুলে নেয় টিম অরোরা।

পুরো টুর্নামেন্টে ৫ ম্যাচে ২২৯ রান করে সর্বোচ্চ রান সংগ্রহকারীর পুরস্কার পান টিম অরোরার প্রিয়াংকা, টিম গ্লিঞ্চ এর সাদিয়া ৯ উইকেট নিয়ে হন সেরা উইকেটশিকারী। এছাড়া ম্যাচের সেরা খেলোয়াড় হন অরোরায় নাহিন, একই দলের প্রিয়াংকা নিজের অনবদ্য পারফর্মেন্স এর জন্য টুর্নামেন্ট সেরা খেলোয়াড়ের স্বীকৃতি পান।

পুরস্কার বিতরণীতে উপস্থিত ছিলেন স্পোর্টস সাস্ট এর উপদেষ্টা সহকারী অধ্যাপক ম্যুয়িদ হাসান, সহকারী অধ্যাপক মো. আফজাল হোসেন, সভাপতি এস এম তৌকি, সাধারণ সম্পাদক নাফিউজ্জামান পার্থ, টুর্নামেন্টের আহবায়ক রাশেদুল ইসলাম শান্ত প্রমুখ।

টুর্নামেন্টে ইকো লিও, থ্রাস্টারস, এন্থ্রো হার্ড হিটারস, সোসিওলোজি ফায়ারবার্ডস, টিম অরোরা, ঠাডা সিক্সারস, ফায়ার ফ্লাইস, টিম গ্লিঞ্চ নামে মোট আটটি দল অংশগ্রহণ করে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.