Sylhet Today 24 PRINT

শাবিতে সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালার সম্পন্ন

শাবি প্রতিনিধি |  ২৭ নভেম্বর, ২০১৭

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তিন দিনব্যাপী ‘সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণ’ কর্মশালা সম্পন্ন হয়েছে। বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি)’র উদ্যোগে এবং শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সমন্বয়ে কর্মশালাটির আয়োজন করা হয়। রোববার বিকেল সাড়ে ৪টার দিকে অংশগ্রহণকারীদের সনদপত্র প্রদানের মধ্য দিয়ে কর্মশালার সমাপ্তি ঘোষণা করা হয়।

বাংলাদেশ প্রেস ইন্সটিটিউটের মহাপরিচালক মো. শাহ আলমগীর এর সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাবি উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইকিউএসি এর পরিচালক অধ্যাপক ড. আবদুল আউয়াল বিশ্বাস, পিআইবি প্রশিক্ষক পারভীন সুলতানা রাব্বী, শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সভাপতি আব্দুল্লাহ আল মনসুর।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, সাংবাদপত্র দেশের দর্পন স্বরূপ। দেশে অপোজিশন না থাকলেও খুব বেশী একটা সমস্যা নেই, তবে সাংবাদিক না থাকলে হুলস্থুল কান্ড বেধে যেতো। পেশাগত দক্ষতা অর্জনে বিশ্ববিদ্যালয় পর্যায়ে সাংবাদিকদের জন্য এ ধরনের কর্মশালা খুবই গুরুত্বপূর্ণ।

বিশেষ অতিথির বক্তব্যে অধ্যাপক ড. আবদুল আউয়াল বিশ্বাস বলেন, একটি বিশ্ববিদ্যালয়ের জন্য সংবাদকর্মীরা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পিআইবি র এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের কর্মদক্ষতা বাড়াবে।

সভাপতির বক্তব্যে বাংলাদেশ প্রেস ইন্সটিটিউট এর মহাপরিচালক মো. শাহ আলমগীর বলেন, সংবাদকর্মীদের জন্য পিআইবি এ ধরনের উদ্যোগ নিতে পেরে আনন্দিত। তিনি শাহজালাল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান সহযোগীতা করার জন্য। এসময় তিনি সাংবাদিকতা করার বিভিন্ন চ্যালেঞ্জ ও দিক নির্দেশনামূলক বক্তব্য তুলে ধরেন। সততা, বস্তুনিষ্টতা ও নিরপেক্ষতাকে সামনে রেখে সাংবাদিকদের কাজ করার আহ্বান জানান তিনি।

পিআইবি প্রশিক্ষক পারভীন সুলতানা রাব্বী বলেন, ক্যাম্পাস সাংবাদিকদের সাংবাদিকতা সম্পর্কিত তাত্ত্বিক জ্ঞান সমৃদ্ধিকরণ এবং সংবাদকর্মীদের গুণগত মান বাড়াতে পিআইবির এমন উদ্যোগ।

গত ২৪ নভেম্বর শুক্রবার থেকে এই কর্মশালাটি শুরু হয়। কর্মশালায় বিভিন্ন সেশনে রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মফিজুর রহমান, চ্যানেল আইয়ের বার্তা সম্পাদক মীর মাসরুর জামান, মোহনা টিভির বার্তা রহমান মুস্তাফিজ। এছাড়া পুরো কর্মশালাটির সম্বন্বয়ক হিসেবে ছিলেন বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের প্রশিক্ষক পারভীন সুলতানা রাব্বী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.