Sylhet Today 24 PRINT

সিকৃবিতে চলছে তিন দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী

সিলেটটুডে ডেস্ক |  ১০ ডিসেম্বর, ২০১৭

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিদ্যালয়ের ফটোগ্রাফিক সোসাইটির আয়োজনে চলছে তিন দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী।

শনিবার (৯ ডিসেম্বর) দুপুর ১২ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার প্রাঙ্গণে আনন্দ শোভাযাত্রা, বেলুন উড্ডয়ন এবং কেক কাটার মাধ্যমে প্রদর্শনীর উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মো. গোলাম শাহী আলম।

এই সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জনাব মো. বদরুল ইসলাম, বিশ্ববিদ্যালয় এর প্রক্টর প্রফেসর ড. মৃত্যুঞ্জয় বিশ্বাস, বিশ্ববিদ্যালয়ের প্রধান লাইব্রেরিয়ান সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং ফটোগ্রাফিক সোসাইটির উপদেষ্টাগন।

উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন 'পড়ালেখার পাশাপাশি এরকম কাজ তাদের জীবনের পরবর্তী সময়ে ভাল কিছু করার পাথেয় হিসেবে কাজ করবে'।

রোববার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রথম পুরষ্কার অর্জন করেছেন সিলেটের এমসি কলেজে অধ্যয়নরত কাব্য চক্রবর্তী, দ্বিতীয় ও তৃতীয় পুরষ্কার ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত সাইফ মোস্তাফিজ। এছাড়াও আরও দশজন পেয়েছেন বিশেষ সম্মাননা।

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফিক সোসাইটির সভাপতি সৌমিক দেব জানান, এই প্রদর্শনীর জন্য সারা দেশ থেকে প্রায় ৩ হাজারেরও বেশি ছবি জমা পড়েছিলো। তার মধ্য থেকে ৯৭টি ছবি প্রদর্শনীর জন্য বাছাই করা হয়েছে।

১১ ডিসেম্বর বিকাল ৫টায় ফানুস উৎসবের মধ্য দিয়ে প্রদর্শনীর সমাপ্তি হবে।


টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.