Sylhet Today 24 PRINT

বেরোবিতে ভর্তি জালিয়াতির সন্দেহে রাবির ২ ছাত্রলীগ নেতা আটক

সিলেটটুডে ডেস্ক |  ১৮ ডিসেম্বর, ২০১৭

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি জালিয়াতির সম্পৃক্ততার সন্দেহে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রলীগের দুই নেতাকে আটক করেছে পুলিশ।

রোববার (১৭ ডিসেম্বর) বিকাল তিনটায় ১ম বর্ষ ভর্তি পরীক্ষার সাক্ষাত্কার চলাকালে বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে সন্দেহজনক ঘোরাফেরা অবস্থায় তাদের আটক করে বিশ্ববিদ্যালয় ফাঁড়ি পুলিশ।

আটকরা হলেন, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও সমাজকর্ম বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী মেহেদী হাসান সজল, ছাত্রলীগ কর্মী ও লোকপ্রশাসন বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মোস্তফা বিন ইসমাইল। তারা দুজনই রাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনুর অনুসারী বলে জানা গেছে।

বেরোবির সহকারী প্রক্টর ড. শফিক আশরাফ জানান, আটকরা ভর্তিচ্ছু শিক্ষার্থীদের বিষয়ে তদবির করার জন্য এসেছিলেন। তাদের গতিবিধি ও আচরণ সন্দেহজনক মনে হওয়ায় পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে যায়।

পুলিশ সূত্রে জানা গেছে, বেরোবি ১ম বর্ষ ভর্তি পরীক্ষার সাক্ষাৎকার চলাকালে প্রক্সি পরীক্ষার দায়ে বিভিন্ন ইউনিটের ছয় শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় প্রশাসন পুলিশের কাছে সোপর্দ করে। এসময় বিশ্ববিদ্যালয়ে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির কর্মরত পুলিশ ওই দুইজনকে আটক করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে মেহেদি হাসান সজল রাবি ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও অন্যজন মোস্তফা বিন ইসমাইল রাবি ছাত্রলীগ সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনুর অনুসারী বলে পরিচয় দেন।

বেরোবির পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মহিব্বুল ইসলাম মুন জানান, তাদেরকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জালিয়াতির প্রমাণ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.