Sylhet Today 24 PRINT

সিকৃবিতে বঙ্গবন্ধুর ম্যুরাল উন্মোচন

সিলেটটুডে ডেস্ক |  ২৩ ডিসেম্বর, ২০১৭

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল উন্মোচন করা হয়েছে।

শনিবার (২৩ ডিসেম্বর) সকাল ১০টায় এর উন্মোচন করেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত এমপি।

এ সময় তিনি বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করার পেছনে কৃষিবিদদের অবদানের কথা স্মরণ করে বলেন, 'এদেশে কৃষির অর্জন গৌরবজনক।'

অর্থমন্ত্রীর আগমন উপলক্ষে সকাল থেকেই ক্যাম্পাসে সাজ সাজ রব পড়ে যায় বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দপ্তর। ম্যুরাল উন্মোচন শেষে বঙ্গবন্ধু কৃষি চত্বরে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. বদরুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য এবং সিলেট-৩ আসনের এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী, জাতিসংঘের বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি একেএম আবদুল মোমেন, সিন্ডিকেট সদস্য ড. আহমেদ আল কবির, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী, সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাক আহমেদ, কাউন্সিলার আজাদুর রহমান আজাদ, সিকৃবি পরিচালক (ছাত্র পরামর্শ ও নির্দেশনা) প্রফেসর ড. মো. মতিয়ার রহমান হাওলাদার, সিকৃবি ছাত্রলীগের সভাপতি ডা. শামীম মোল্লা, সাধারণ সম্পাদক ডা. ঋত্বিক দেব।

অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. গোলাম শাহি আলম। বক্তারা দারিদ্র বিমোচনে কৃষি ক্ষেত্রে ভূমিকা রাখার জন্য কৃষিবিদদের ধন্যবাদ জ্ঞাপন করেন।

সিলেট অঞ্চলের ৭০ হাজার হেক্টর অনাবাদি জমি বিভিন্ন প্রকল্পের মাধ্যমে চাষের আওতায় আনার জন্য সিকৃবির শিক্ষক ও গবেষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য অনুরোধ করেন।

এ সময় বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী অলাভজনক সরকারি প্রতিষ্ঠান দুগ্ধ খামার, পোল্ট্রি খামার ও ছাগল খামারকে বিশ্ববিদ্যালয়ের আওতাভুক্ত করে শিক্ষার্থীদের গবেষণা কার্যক্রম বাড়ানোর জন্য সরকারি পৃষ্ঠপোষকতা কামনা করেন।

প্রধান অতিথির বক্তৃতায় অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেন, 'কৃষি আমাদের অর্থনীতির ভিত্তি। দেশের স্বাধীনতার সময় ১ কোটি ১০লাখ টন খাদ্য উৎপাদন হতো। বর্তমানে কৃষি জমির পরিমাণ কমলেও কৃষিবিদদের কল্যাণে প্রায় ৩ কোটি টন খাদ্য উৎপাদন হচ্ছে।'

তিনি আরো বলেন, '২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ গড়তে হলে কৃষিবিদদের অগ্রগামী ভূমিকা পালন করতে হবে। কৃষি ক্ষেত্রে বিজ্ঞান ও প্রযুক্তি ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষকদের নতুন প্রযুক্তি উদ্ভাবন করে কৃষকদের দোরগোড়ায় পৌঁছাতে হবে। এক্ষেত্রে বর্তমান কৃষিবান্ধব সরকার সব ধরনের সহযোগিতা প্রদান করবে।'

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.