Sylhet Today 24 PRINT

মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভিসি হিসেবে পুনঃনিয়োগ পেলেন সালেহ উদ্দিন

সংবাদ বিজ্ঞপ্তি |  ০৭ জানুয়ারী, ২০১৮

ফাইল ছবি

মেট্রোপলিটন ইউনিভার্সিটির উপাচার্য (ভাইস চ্যান্সেলর) হিসেবে পুনঃনিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. মো. সালেহ উদ্দিন।

বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সুপারিশক্রমে এবং রাষ্ট্রপতি ও আচার্য (চ্যান্সেলর) এর সম্মতিক্রমে অধ্যাপক ড. মো. সালেহ উদ্দিনকে দ্বিতীয় মেয়াদে আগামী চার বছরের জন্য এ পুনঃনিয়োগ দেয়া হয়েছে। রোববার মেট্রোপলিটন ইউনিভার্সিটির জনসংযোগ শাখা থেকে এ তথ্য জানানো হয়।

অধ্যাপক সালেহ উদ্দিন ১৯৫২ সালের ৩০ জুন হবিগঞ্জ জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি বিষয়ে অনার্স এবং মাস্টার্স ডিগ্রি লাভ করেন। পরবর্তীতে তিনি থাইল্যান্ডের থামাসাট ইউনিভার্সিটি থেকে অর্থনীতিতে মাস্টার্স এবং মালয়েশিয়ার ইউনিভার্সিটি অব মালায়া থেকে অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি লাভ করেন।

অধ্যাপক ড. মো. সালেহ উদ্দিন ১৯৭৬ সাল থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে যোগদানের মাধ্যমে শিক্ষকতা পেশার সাথে যুক্ত রয়েছেন। তিনি দুই মেয়াদে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে ২০১৩ সালের ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত দায়িত্ব পালন করেন। দীর্ঘ ৩৭ বছরের শিক্ষকতার পাশাপাশি তাঁর উল্লেখযোগ্য সংখ্যক গবেষণাপত্র এবং প্রকাশনাও রয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.