Sylhet Today 24 PRINT

এমসি কলেজে খাল কাটা পানিতে পরিবেশ বিপর্যয়ের শঙ্কা

এমসি কলেজ প্রতিনিধি |  ০৮ জানুয়ারী, ২০১৮

সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজ ক্যাম্পাসের সৌন্দর্য্য বাড়াতে পুকুরে নতুন ঘাট নির্মাণের জন্য পাড় কেটে পানি বের করতে গিয়ে উল্টো বিপর্যয় ডেকে এনেছে কলেজ কর্তৃপক্ষ।

ক্যাম্পাস সূত্রে জানা গেছে, ঐতিহ্যবাহী এ বিদ্যাপীঠের পুকুরের পুরোনো ঘাট ভেঙে নতুন ঘাট নির্মাণ কাজের অর্থায়ন করেছে সিলেট সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ। সোমবার (৮ জানুয়ারি) থেকে শুরু হবে নতুন ঘাট নির্মাণের কাজ।

রোববার দুপুরে কলেজের পুকুরের পূর্ব পাড় ঘুরে দেখা যায়, পুকুরের পানি বের করার জন্য তৈরি করা খালের পানিতে উপড়ে পড়েছে বিশালাকৃতির একটি গাছ। পানির তীব্র স্রোতে মাটি ভেঙে যাওয়ায় তৈরি হয়েছে বিশালাকৃতির গর্ত। ক্ষতিগ্রস্ত হয়েছে কলেজ মসজিদের ওজুখানা, পানির স্রোতে ধসে গেছে মসজিদের বাথরুমের নিচের অংশ।

গত বুধবার গাছ পড়ে বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়ায় রাতে অন্ধকারে ছিলো পুরো ক্যাম্পাস।

ক্যাম্পাসের ভেতর দিয়ে বয়ে চলা ছড়ায় অল্প পানি হলেই পুকুর পাড়ের অবশিষ্ট অংশের বালি, মাটি ও গাছগুলিও ধ্বংসের মুখে পড়বে বলে আশঙ্কা প্রকাশ করলে এর আগেই সংস্কার কাজ করা হবে বলে জানিয়েছেন কলেজ অধ্যক্ষ।

মাটি ধসে সৃষ্ট হওয়া বিপর্যয় সম্পর্কে জানতে চাইলে কলেজ অধ্যক্ষ প্রফেসর নিতাই চন্দ্র চন্দ বলেন, "পানি থাকলে কাজ করতে পারবে না, তাই সিটি কর্পোরেশনের অনুমতি নিয়ে পুকুরের পানি কমানোর জন্য খালটি কাটা হয়েছে। কাঁটার সময় বোঝা যায়নি এরকমভাবে মাটি ধসে যাবে।"

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.