সিলেটটুডে ডেস্ক | ০৯ জানুয়ারী, ২০১৮
ভারতের তামিল নাড়ুতে অবস্থিত ভেলোর ইনস্টিটিউট অব টেকনোলজিতে অনুষ্ঠিত ইন্ডিয়ান রোবার চ্যালেঞ্জ-২০১৮ প্রতিযোগিতায় লিডিং ইউনিভার্সিটির ইইই বিভাগ সেকেন্ড রানার আপ হওয়ার গৌরব অর্জন করেছে।
সম্প্রতি অনুষ্ঠিত ক্রিয়েশন ল্যাবস এর সহযোগিতায় ইন্ডিয়ান রোবার চ্যালেঞ্জ-২০১৮ প্রতিযোগিতায় বাংলাদেশ থেকে অংশগ্রহণকারী লিডিং ইউনিভার্সিটি, ব্র্যাক ইউনিভার্সিটি, ইসলামিক ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি অব টেকনোলজিসহ ছয়টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে জাতীয় পর্যায়ে লিডিং ইউনিভার্সিটি প্রথম স্থান অর্জন করে এবং আন্তর্জাতিক পর্যায়ে অংশগ্রহণকারী সর্বমোট বিশটি টিমের মধ্যে সেকেন্ড রানার আপ হওয়ার কৃতিত্ব লাভ করে।
লিডিং ইউনিভার্সিটির ইইই বিভাগের কৃতি শিক্ষার্থীদের মধ্যে আবু বক্কর সিদ্দিক, ইমতিয়াজ আহমদ প্রবাল, ফাহিম আহমদ হামীম, আল শাহরিয়া মাহমুদ, একে সানজিদা সিরাজ প্রিয়ংকা চৌধুরী এবং সৈয়দা নুসরাত জাহান প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।
প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে এশিয়াতে প্রথম এবং ইউনিভার্সিটি রোবার চ্যালেঞ্জ (ইউআরসি) ২০১৭, ইউএসএ তে অষ্টম স্থান অর্জনকারী ভারতের মনিপাল ইউনিভার্সিটি টিম।
লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মো. কামরুজ্জামান চৌধুরী বিজয়ীদেরকে তাদের এ সাফল্যের জন্য অভিনন্দন জ্ঞাপন করে বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ের ইইই এবং সিএসই বিভাগ জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে রবো ফাইট এবং প্রোগ্রামিংসহ বিভিন্ন প্রতিযোগিতায় ধারাবাহিক সাফল্য অর্জন করে আসছে। তাদের এ কৃতিত্ব লিডিং ইউনিভার্সিটির জন্য সুনাম বয়ে আনবে। তিনি ভবিষ্যতেও এ ধারাবাহিকতা বজায় রাখার জন্য শিক্ষার্থীদের আহবান জানান।
লিডিং ইউনিভার্সিটির ইইই বিভাগের বিভাগীয় প্রধান এবং শিক্ষকবৃন্দসহ ইলেক্ট্রনিক্স ক্লাবের পক্ষ থেকেও বিজয়ীদেরকে অভিনন্দন জানানো হয়।