Sylhet Today 24 PRINT

ধর্ষণের অভিযোগে শাবিপ্রবি ছাত্র গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক |  ১৪ জানুয়ারী, ২০১৮

বিয়ের কথা বলে এক ছাত্রীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) এক শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই শিক্ষার্থীর নাম সাইফুল ইসলাম। সাইফুল বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। তার বাড়ি সুনামগঞ্জে।

শনিবার রাতে গ্রেপ্তারের পর রোববার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, সাইফুলের সঙ্গে সুনামগঞ্জের এক ছাত্রীর তিন বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল। গত বুধবার বিয়ের কথা বলে তাকে সিলেটের আখালিয়া এলাকার একটি মেসে নিয়ে যান সাইফুল। পরে সেখানে আটকে রেখে তিন দিন ধর্ষণ করেন তিনি। শনিবার বিকেলে কাজী অফিসে যাওয়ার কথা বলে তাকে সুনামগঞ্জ সদর বাসস্ট্যান্ড এলাকায় নিয়ে যান সাইফুল। এরপর কৌশলে পালিয়ে যান তিনি। পরে নিজের মুঠোফোনও বন্ধ করে দেন তিনি।

সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সহিদুল্লাহ বলেন, ওই ছাত্রী থানায় অভিযোগ দেওয়ার পর রাতেই সাইফুলকে সিলেট থেকে আটক করে সুনামগঞ্জে আনা হয়। পুলিশের কাছে ধর্ষণের কথা স্বীকার করেছেন সাইফুল। রোববার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.