Sylhet Today 24 PRINT

লিডিং ইউনিভার্সিটির ‘স্থাপত্য সপ্তাহ’ এর প্রকল্প পরিদর্শনে রাগীব আলী

সিলেটটুডে ডেস্ক |  ১৫ জানুয়ারী, ২০১৮

সিলেটের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগের আয়োজনে সপ্তাহব্যাপী শুরু হওয়া স্থাপত্য সপ্তাহ এর প্রকল্পসমূহ পরিদর্শন করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. সৈয়দ রাগীব আলী।

সোমবার (১৫ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রংমহল টাওয়ার ক্যাম্পাসে অনুষ্ঠিত স্থাপত্য সপ্তাহ পরিদর্শনকালে প্রকল্পসমূহের প্রশংসা করে তিনি বলেন, এ প্রকল্পসমূহ অত্যন্ত চিত্তাকর্ষক এবং এসব নকশা আধুনিক স্থাপত্য কর্মে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি সবগুলো প্রজেক্ট ঘুরে দেখেন এবং স্থাপত্য বিভাগের শিক্ষার্থীদের উৎসাহ প্রদান করেন। ভবিষ্যতে স্থায়ী ক্যাম্পাসে যাতে আরো বৃহৎ পরিসরে এর আয়োজন করা যায় তার জন্য সহযোগিতার আশ্বাস দেন।

স্থাপত্য বিভাগের শিক্ষার্থীরা দানবীর ড. সৈয়দ রাগীব আলীকে পেয়ে খুবই আনন্দিত হন এবং তাঁকে ফুল দিয়ে বরণ করে নেন।

এ সময় উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্টিজ এর সদস্য সৈয়দ আব্দুল হাই, স্থাপত্য বিভাগের উপদেষ্টা অধ্যাপক স্থপতি চৌধুরী মোস্তাক আহমদ, স্থাপত্য বিভাগের বিভাগীয় প্রধান স্থপতি মো. শওকত জাহান চৌধুরী, সহকারী অধ্যাপক স্থপতি রাজন দাশ, দৈনিক সিলেটের ডাক পত্রিকার নির্বাহী সম্পাদক আব্দুল হামিদ মানিক, স্থাপত্য বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ, ডেপুটি রেজিস্ট্রার (এডমিশন) মো. কাওসার হাওলাদার, ইনচার্জ (অর্থ ও হিসাব) রজত কান্তি চক্রবর্তী ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

নগরীর বন্দর বাজারস্থ বিশ্ববিদ্যালয়ের রংমহল টাওয়ার ক্যাম্পাসের ৭ম তলায় স্থাপত্য বিভাগ প্রাঙ্গণে সপ্তাহব্যাপী এ অনুষ্ঠান এর প্রতিদিনের আয়োজনে থাকছে সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনী। চলচ্চিত্র প্রদর্শনী বিকেল ৪টায় এবং সন্ধ্যা ৭টায় থাকছে সাংস্কৃতিক সন্ধ্যা। এ স্থাপত্য সপ্তাহ চলবে ১৭ জানুয়ারি পর্যন্ত।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.