Sylhet Today 24 PRINT

শিক্ষাক্ষেত্রে এমসি কলেজ গৌরবোজ্জ্বল ভূমিকা রেখে আসছে: শাবি ভিসি

এমসি কলেজ প্রতিনিধি |  ১৯ ফেব্রুয়ারী, ২০১৮

সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৯ ফেব্রুয়ারি) কলেজ মাঠে সকাল ১১টায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এমসি কলেজ অধ্যক্ষে প্রফেসর নিতাই চন্দ্র চন্দের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাবিপ্রবি উপাচার্য প্রফেসর ফরিদ উদ্দিন আহমেদ।

তিন দিনব্যাপী অনুষ্ঠিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে শাবি ভিসি প্রফেসর ফরিদ উদ্দিন আহমেদ শিক্ষার্থীদেরকে মেধা-মননে মুক্তিযুদ্ধের চেতনা লালন ও পড়াশোনায় মনোযোগী হওয়ার পাশাপাশি সামাজিক-সাংস্কৃতিক কর্মকান্ডে জড়িত হওয়ার আহবান জানান।

দেশের শিক্ষাক্ষেত্রে এমসি কলেজ গৌরবোজ্জ্বল ভূমিকা রেখে আসছে উল্লেখ করে তিনি বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের সুনাম নষ্ট হয় এমন কর্মকান্ড থেকে শিক্ষার্থীদেরকে বিরত থাকার আহবান জানান।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানের পূর্বে আমন্ত্রিত অতিথিদেরকে কলেজের বিএনসিসি, রোভার স্কাউট সহ ১৬টি বিভাগের শিক্ষার্থীরা প্যারেডে অংশগ্রহণ করে সম্মান প্রদর্শন করেন। এরপর বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন শাবিপ্রবি ভিসি প্রফেসর ফরিদ উদ্দিন আহমেদ।

বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা '১৭ এর আহবায়ক আআম রিয়াজের স্বাগত বক্তব্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সিলেট সরকারি কলেজ অধ্যক্ষ প্রফেসর কাজী আতাউর রহমান, এমসি কলেজ উপাধ্যক্ষ প্রফেসর আব্দুল কুদ্দুছ, সিলেট শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান গোলাম কিবরিয়া তাপাদার, এমসি কলেজ শিক্ষক পরিষদ সম্পাদক তোতিউর রহমান।

বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় শিক্ষক-শিক্ষিকাদের জন্য দুটি ইভেন্ট ও কর্মচারীরা জন্য দুটি ইভেন্টের পাশাপাশি কলেজর শিক্ষার্থীরা ২৪টি ইভেন্টের প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।

বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা '১৭ এ ১০০ মিটারের দৌড়ে এমসি কলেজে দ্রুততম মানব হয়েছেন সুজাত নূর ও দ্রুততম মানবী হয়েছেন হাবিবা আক্তার।

সর্বোচ্চ পয়েন্ট পেয়ে ছেলে প্রতিযোগিদের মধ্যে চ্যাম্পিয়ন হয়েছেন নুরুল আলম শাহেদ ও রানার আপ রাবিবুল ইসলাম এবং মেয়ে প্রতিযোগিদের মধ্যে চ্যাম্পিয়ন হয়েছেন মাহমুদা খাতুন ও রানার আপ রুবি রাণী নাথ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.