Sylhet Today 24 PRINT

ড. জাফর ইকবালকে হত্যাচেষ্টার প্রতিবাদে লিডিং ইউনিভার্সিটির মানববন্ধন

সিলেটটুডে ডেস্ক |  ০৬ মার্চ, ২০১৮

দেশের প্রখ্যাত শিক্ষাবিদ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালকে হত্যাচেষ্টার প্রতিবাদ এবং হামলাকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে লিডিং ইউনিভার্সিটি পরিবার মানববন্ধন করেছে।

মঙ্গলবার (৬ মার্চ) সকালে দক্ষিণ সুরমায় বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধন শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মো. কামরুজ্জামান চৌধুরী বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শাবিপ্রবির কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল এর উপর হামলার তীব্র নিন্দা এবং হামলাকারীদের ধিক্কার জানান।

তিনি বলেন, এ ধরনের হামলা স্বাধীনতার চেতনা ধারণকারী ও মুক্তবুদ্ধি চর্চাকারীদের জন্য হুমকিস্বরুপ। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বর্তমান সরকারকে অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের সুস্থতার জন্য সব ধরনের সহযোগিতা করায় ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি হামলাকারীদের মূলোৎপাটনসহ আইনি ব্যবস্থা নেয়ার জন্যও আহবান জানান।

উপাচার্য অভিভাবকদেরকে উদ্দেশ্য করে বলেন, আপনার সন্তান বিপথগামী হচ্ছে কিনা সেই বিষয়ে সর্বপ্রথম আপনাদেরকেই খেয়াল রাখতে হবে। নতুন প্রজন্মকে আধুনিক শিক্ষায় ভাল মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। তাহলে সমাজে নৈতিক মূল্যবোধ তৈরি হবে।

মানববন্ধনে লিডিং ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন অনুষদের ডীন প্রফেসর মো. নজরুল ইসলাম, আধুনিক বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক ড. মুহাম্মদ হাবিবুল আহসান, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার  প্রফেসর ড. এস.এম. আলী আক্কাস প্রমুখ বক্তব্য রাখেন।

মানববন্ধন ও আলোচনা সভায় লিডিং ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজ এর সচিব ইঞ্জিনিয়ার মো. লুৎফর রহমান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী ও কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.