নিজস্ব প্রতিবেদক | ২০ মার্চ, ২০১৮
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, শিক্ষাক্ষেত্রে বর্তমান সরকার যুগান্তকারী উন্নয়ন সাধন করেছে। যা আওয়ামীলীগ সরকার ছাড়া আর অতীতে কোন সরকার করতে পারেনি। দেশ এখন মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। বর্তমান সরকারের দক্ষ নেতৃত্বের কারণে দারিদ্রতার হার কমেছে, শিক্ষার হার বেড়েছে।
তিনি মঙ্গলবার (২০ মার্চ) সকালে মদনমোহন কলেজে প্লাটিনাম জুবিলি উৎসবের যুগপৎ স্মৃতিস্মারকের ‘উজ্জীবন প্লাটিনাম জুবিলি চত্বর’ ভিত্তিফলক উন্মোচন শেষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
মদনমোহন কলেজ সিলেটের অধ্যক্ষ অধ্যাপক ড. আবুল ফতেহ ফাত্তাহ’র সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, কলেজ গভর্নিং বডির সদস্য ও বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, কলেজ গভর্নিং বডির সদস্য ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাক আহমদ, কলেজ গভর্নিং বডির সদস্য বিজিত চৌধুরী, দাতা সদস্য সুখেন্দু বিকাশ দাশ।
কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক হুসনে আরা কামালীর পরিচালনায় শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ (একাডেমিক) অধ্যাপক মোঃ রফিকুল ইসলাম।
প্রধান অতিথি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকে ফুল দিয়ে বরণ করেন কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক উজ্জল দাশ, উপাধ্যক্ষ মোঃ রফিকুল ইসলাম, গভর্নিং বডির শিক্ষক প্রতিনিধি অধ্যাপক আব্দুল হামিদ, শিক্ষার্থীদের পক্ষ থেকে কলেজ ছাত্রলীগের সভাপতি এ.কে.এম মাহমুদুল হাসান সানি ও সাধারণ সম্পাদক মিফতা উল হোসেন লিমন। সভার শুরুতে ক্যাম্পাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন স্মৃতির উল্লেখযোগ্য সংখ্যক স্থিরচিত্র প্রদর্শন করা হয়। প্রধান অতিথি স্থিরচিত্র প্রদর্শনী ঘুরে ঘুরে দেখেন এবং ‘উজ্জীবন মদনমোহন কলেজ প্লাটিনাম জুবিলি চত্বর’ ভিত্তিফলক উন্মোচন করেন।
অনুষ্ঠানে ‘স্মৃতির ঝরনার কলতান’ স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন করেন প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে সিলেটের প্রশাসনিক কর্মকর্তা, রাজনীতিবিদ, সাংবাদিক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।