Sylhet Today 24 PRINT

স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণে রাগীব-রাবেয়া মেডিকেল কলেজে আনন্দ শোভাযাত্রা

সিলেটটুডে ডেস্ক |  ২২ মার্চ, ২০১৮

স্বল্পোন্নত দেশ থেকে বাংলাদেশের উত্তরণের যোগ্যতা অর্জনের ঐতিহাসিক সাফল্য উদযাপন উপলক্ষে জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতালে আনন্দ শোভাযাত্রার আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (২২ মার্চ) সকাল ১০টায় এ শোভাযাত্রাটি অনুষ্ঠিত হয়।

কলেজ অধ্যক্ষ মো. আবেদ হোসেন এর নেতৃত্বে অনুষ্ঠিত আনন্দ শোভাযাত্রায় আরো উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক এ.কে.এম. দাউদ, হাসপাতালের পরিচালক অধ্যাপক মো. তারেক আজাদ, সাংস্কৃতিক কমিটির চেয়ারম্যান অধ্যাপক শামীমা আখতার সহ কলেজ ও হাসপাতালের সর্বস্তরের শিক্ষক, চিকিৎসক, ছাত্রছাত্রী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

এছাড়াও আনন্দ শোভাযাত্রায় উপস্থিত ছিলেন বেগম রোকেয়া খাতুন চৌধুরী নার্সিং কলেজের ভারপ্রাপ্ত আয়েশা বেগম সহ নার্সিং কলেজের অন্যান্য শিক্ষক ও ছাত্রছাত্রীবৃন্দ।

উল্লেখ্য, বাংলাদেশ এলডিসি স্ট্যাটাস হতে উন্নয়নশীল দেশ সমূহের তালিকায় স্থান লাভ করায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদপ্তর থেকে গৃহীত ৫ দিনব্যাপী (২২-২৬ মার্চ) কর্মসূচির অংশ হিসেবে জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ বাংলাদেশের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরে ব্যানার, পোস্টার, ফেস্টুন সহ আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। আনন্দ শোভাযাত্রা শেষে কলেজের লেকচার গ্যালারিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তারা স্বল্পোন্নত দেশ থেকে বাংলাদেশের উত্তরণের যোগ্যতা অর্জনে বর্তমান সরকারের সফলতার ভূয়সী প্রশংসা করেন।

এ উপলক্ষে আলোচনা সভায় কলেজের অধ্যক্ষ মো. আবেদ হোসেন ঘোষণা দেন, আজকের দিনে যে সকল রোগী এই হাসপাতাল থেকে ব্লাড ট্রান্সফিউশন এবং ব্লাড স্ক্রিনিং সেবা গ্রহণ করবেন তারা বিনামূল্যে এ সেবাসমূহ পাবেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.