নিজস্ব প্রতিবেদক | ২২ মার্চ, ২০১৮
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের উদ্যোগে আয়োজিত চার দিনব্যাপী দ্বিতীয় সিলেট চলচ্চিত্র উৎসবের পর্দা নামলো।
বুধবার (২১ মার্চ) বিকাল ৫টায় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে বিভিন্ন ক্যাটাগরিতে নির্বাচিত সেরাদের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও মনোজ্ঞ সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে শেষ হয় এই চলচ্চিত্র উৎসব।
উৎসবে সেরা স্বল্পদৈর্ঘ্য বাংলাদেশি চলচ্চিত্র হিসেবে পুরস্কার পায় নিবাস (The Residence). সেরা স্বল্পদৈর্ঘ্য আন্তর্জাতিক চলচ্চিত্র হিসেবে পুরস্কার পায় 'Scrambled'। সেরা ডকুমেন্টারি 'The Winged horse of Sumi'. সেরা এডিটর নিশান মাহমুদ, সেরা অভিনেতা কল্যাণ চ্যাটার্জি এবং সেরা অভিনেত্রী প্রিয়াঙ্কা কারাণ। সেরা স্ক্রিপ্ট লেখক শাহাদাত রাসেল। এবং সেরা সিনেমাটোগ্রাফিতে পুরস্কার পান আমারফিয়া ভট্টাচারিয়া।
উৎসব সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. মো. মতিয়ার রহমান হাওলাদার, জুরি নির্মাতা মুক্তাদির ইবনে সালাম, জেলা কালচারাল অফিসার অসিত বরণ দাশগুপ্ত, গণতান্ত্রিক শিক্ষক পরিষদের সভাপতি প্রফেসর ড. সায়েম চৌধুরী, প্রফেসর ড মৃত্যুঞ্জয় কুন্ড, এবং ভারপ্রাপ্ত প্রোক্টর এসোসিয়েট প্রফেসর নাজিম উদ্দিন ।
পুরস্কার বিতরণ কালে বক্তারা সিলেট চলচ্চিত্র সংসদের আয়োজনকে সাধুবাদ জানিয়ে তরুণ নির্মাতাদের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণে এগিয়ে আসার আহ্বান জানান।
উল্লেখ্য, গত ১৮মার্চ থেকে শুরু হওয়া দ্বিতীয় সিলেট চলচ্চিত্র উৎসবের এবারের আসরে ১২২ টি দেশ থেকে ২৮০৮ টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র জমা পড়েছিল। এরমধ্যে বাছাইকৃত ৯৭টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও ৫টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়। উৎসবে জুরি হিসেবে ছিলেন চলচ্চিত্র নির্মাতা আশরাফ শিশির, চলচ্চিত্র নির্মাতা মুক্তাদির ইবনে সালাম, অভিনেতা মনোজ কুমার।