Sylhet Today 24 PRINT

প্রাক্তন শাবি শিক্ষার্থী মাহিদ হত্যার বিচার দাবি ছাত্রফ্রন্টের

শাবি প্রতিনিধি |  ২৭ মার্চ, ২০১৮

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রাক্তন শিক্ষার্থী মাহিদ আল সালামের হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তার করে বিচারের দাবি জানিয়েছে শাখা সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের নেতৃবৃন্দ।

মঙ্গলবার (২৭ মার্চ) সকালে সংগঠনটির আহবায়ক প্রসেনজিৎ রুদ্র ও সাধারণ সম্পাদক নাজিরুল আযম এক যুক্ত বিবৃতিতে এ দাবি জানান ।

বিবৃতিতে তাঁরা বলেন, বিশ্ববিদ্যালয়ের ভেতরে ও বাইরে একের পর এক ছিনতাই ও ছুরিকাঘাতের ঘটনা গত কয়েক বছরে জ্যামিতিক হারে বাড়ছে। ভর্তিচ্ছু পরীক্ষার্থী থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় ছাত্র ও সাধারণ মানুষ এ ভয়ানক অবস্থার সম্মুখীন হয়ে অনেকেই আহত হয়েছেন অথবা সর্বস্ব খুইয়েছেন । কিন্তু সংশ্লিষ্ট প্রশাসনের অবহেলার কারণে অপরাধীরা গ্রেপ্তার হয় না বা হলেও বিচার হয়নি। ফলে অপরাধীরা দ্বিগুণ উৎসাহে জীবন নেয়ার হুমকি দিয়ে ছিনতাই কার্যক্রম চালিয়ে যাচ্ছিল এবং তারই ফলাফল আজকে মাহিদ এর মত একজন সদা প্রতিবাদী তরুণের মৃত্যু।

তাঁরা আরো বলেন, আমরা মনে করি এ দায় সম্পূর্ণ সংশ্লিষ্ট প্রশাসনের। এরকম অবস্থায় হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তার না করলে সংশ্লিষ্ট প্রশাসনের চূড়ান্ত অবহেলা স্পষ্ট হবে। অবিলম্বে মাহিদ আল সালামের হত্যাকারীদের গ্রেপ্তার করে উপযুক্ত তদন্ত ও বিচার দাবি জানান তারা।

উল্লেখ্য, রোববার ঢাকা যাওয়ার সময় সিলেট নগরের কদমতলী এলাকায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে নিহত হন অর্থনীতি বিভাগের স্নাতকোত্তর শ্রেণীর শিক্ষার্থী মাহিদ আল সালাম।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.